গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার চির চেনা দৃশ্যপট ক্রমেই বদলে যাচ্ছে। সিটি কর্পোরেশনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সম্ভাব্য মেয়র ও কাউন্সিল প্রার্থীরা নিজ নিজ উদ্যোগে এলাকায় সাঁটানো বিলবোর্ড-ব্যানার-ফেষ্টুন ও পোস্টারগুলো তুলে ফেলছেন।
মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও অলিগলিতে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ছবি সম্বলিত বিলবোর্ড, ডিজিটাল ব্যানার, ফেস্টুন বা শুভেচ্ছা পোস্টার শনিবার সকাল থেকে আর খুব একটা চোখে পড়ছে না। গত বুধবার নির্বাচনের তফসিল ঘোষণার পর জেলা নির্বাচন অফিস সকল প্রার্থীদের নিজ উদ্যোগে এসব প্রচারণা সামগ্রী সরিয়ে ফেলতে নির্দেশ দেয়। অন্যথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাচনী বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়। নির্বাচন অফিসের এ ঘোষণার পর বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন সরিয়ে নিতে প্রার্থীদের মধ্যে তোড়জোড় শুরু হয়। সম্ভাব্য প্রার্থীরা নিজ তদারকির মাধ্যমে সেগুলো সরিয়ে নেন। অনেকেই বৃষ্টি উপেক্ষা করে লোকজনের মাধ্যমে ডিজিটাল বিলবোর্ড, ব্যানার সরানোর ব্যবস্থা নেন।
জানা গেছে, মহানগরীর চান্দনা চৌরাস্তা, রাজবাড়ি সড়ক, শিববাড়ি মোড়, ভোগড়া বাইপাস মোড়, কোনাবাড়ি, টঙ্গীর মিলগেইট, চেরাগ আলী, স্টেশন রোড, সালনা, কাশিমপুর, পূবাইল, মিরের বাজারসহ আশেপাশের এলাকায় সম্ভাব্য মেয়র প্রার্থীদের পোস্টার নামিয়ে নেয়া হয়েছে। এসব এলাকায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, টঙ্গী পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট আজমত উল্লা খান, গাজীপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা আতাউল্লাহ মণ্ডল, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, জাতীয় পার্টির ব্রিগেডিয়ার (অব.) কাজী মাহমুদুল হাসানের রঙিন বিলবোর্ড, ব্যানার ও শুভেচ্ছা পোস্টার এতদিনে শোভা পেতে দেখা গেছে। এছাড়া অসংখ্য কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত মহিলা প্রার্থীদেরও ডিজিটাল ব্যানার ও ফেস্টুন শহরের অলিগলি ছেয়ে গিয়েছিল। হঠাত্ই বদলে গেছে চিরচেনা সেই দৃশ্য।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার, স্টিকার, ব্যানার ও লিফলেট অপসারণ করা না হলে নিয়ম ভঙ্গের জন্য সংশ্লিষ্ট প্রার্থীর অনধিক ছয় মাস কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। সিটি করপোরেশন সহকারী রিটার্নিং অফিসার হাসানুজ্জামান বলেন, নির্বাচনী এলাকায় এখনও ব্যানার-ফেষ্টুন ও বিলবোর্ড লাগানো আছে কিনা তা পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসন, সিটি করপোরেশন, জেলা নির্বাচন অফিস পুলিশের সহযোগিতায় কাজ করে যাচ্ছে।
