আবদুল মান্নান লস্কর
কাঠালিয়া উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের আওয়ামী লীগের সভাপতি, মুজিব সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লস্কর জাহাঙ্গীর সারওয়াতের ছোট চাচা মুক্তিযোদ্ধা আবদুল মান্নান লস্কর আর নেই (ইন্নালিল্লাহে....রাজেউন)। তিনি গত শুক্রবার সকালে মোটরসাইকেলে করে কাঠালিয়া সদর থেকে ভাণ্ডারিয়া যাবার পথে বান্ধাঘাটা নামক স্থানে ভাণ্ডারিয়া থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে শেরেবাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে।
মাহাতাব উদ্দিন
দিনাজপুরের হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন গতকাল শনিবার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল তাকে মুহাড়াপাড়া কবরস্থানে দাফন করা হয়।
