রাঙ্গাবালীর বেড়ি বাঁধে ফাটল ৫ সহস্রাধিক মানুষ ঝুঁকিতে

আপডেট : ২৫ মে ২০১৩, ২২:৪০
পূর্ণিমার জোয়ারের প্রবল চাপে রাঙ্গাবালী উপজেলার কাছিয়াবুনিয়া খালগোড়া বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের স্লুইসের নিচের দিকে পাটাতনে (ব্যারেল) এবং স্লুইসটির দু’পাশের বেড়িবাঁধে ফাটল ধরেছে। বৃহস্পতিবার রাতের জোয়ারে এই বেড়িবাঁধ ফাটল ধরে এলাকার অভ্যন্তরে পানি প্রবেশ করতে শুরু করে। এলাকাবাসী নিজেদের উদ্যোগে বালুর বস্তা ফেলে ফাটল মেরামত ও বিকল্প বেড়িবাঁধ উঁচু করার চেষ্টা চালাচ্ছেন। প্রকাশ, শুক্রবার সকাল থেকে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে স্লুইসের দুই পাশের বেড়িবাঁধের ফাটল মাটি দিয়ে ভরাটের কাজ শুরু করেছেন। একইসাথে এক মাস আগে বিকল্প বেড়িবাঁধও মাটি দিয়ে উঁচু করার চেষ্টা করছেন তারা। খালগোড়া বাজারের বাসিন্দা মোশারেফ বলেন, বাঁধটি ভেঙ্গে গেলে এই এলাকার ৮ গ্রাম পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা। রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী ইত্তেফাককে জানান, এবিষয়ে আমি অবহিত আছি। ওখানে আগেই ফাটল ধরেছে। তবে জোয়ারের পানির চাপে ঐ ফাটল বৃদ্ধি পেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।