সরাইল উপজেলার পাকশিমুল এলাকায় কোটি টাকা মূল্যের সরকারি জায়গায় অবৈধভাবে মার্কেট নির্মাণ করেছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী। বর্তমানে ওই জায়গার শ্রেণী পরিবর্তন করে লীজ নিতে প্রভাবশালীরা এখানকার ভূমি কর্মকর্তাদের সাথে রফাদফা করেছেন। এতে ২০ লাখ টাকার বাণিজ্য হয়েছে বলে এলাকায় চাউর আছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরাইল-অরুয়াইল সড়কের পাশে পাকশিমুল বাজার সংলগ্ন ওই সরকারি জায়গাটির বর্তমান বাজার দর প্রায় দেড় কোটি টাকা। গতবছর সড়ক নির্মাণ হওয়ার পর পাকশিমুল এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এই জায়গা অবৈধভাবে দখলে নিয়ে সেখানে একাধিক মার্কেট নির্মাণ করেন। বিষয়টি নিয়ে একাধিক মিডিয়ায় সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসন নড়েচড়ে উঠেন। কিন্তু রহস্যজনক কারণে এ জায়গা দখলমুক্ত করার সব উদ্যোগ ধামাচাপা পড়ে যায়।
সম্প্রতি এই মূল্যবান জায়গা শ্রেণী পরিবর্তনের পর সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাদের সহযোগিতায় নিজেদের নামে লীজ (বন্দোবস্ত) নেয়ার সকল কার্যক্রম প্রায় সম্পন্ন করে ফেলেছেন দখলদার প্রভাবশালীরা। পাকশিমুল গ্রামের ইউপি সদস্য মোতালেব মিয়া বলেন, এই জায়গাটি সরকারি ১নং খাস খতিয়ানভুক্ত। এখানকার কয়েকজন লোক এই জায়গায় একাধিক মার্কেট নির্মাণ করে। সরকারি জায়গা থেকে এই মার্কেট উচ্ছেদের কথা ছিল। এখন শুনছি মার্কেট উচ্ছেদ না করেই এ জায়গা লীজ দেয়া হচ্ছে। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (সদ্য বদলি) মোহাম্মদ আনিসুজ্জামান খান বলেন, এই উপজেলায় এসিল্যান্ড পদ শূন্য থাকায় পাকশিমুল এলাকার সেই সরকারি জায়গার লীজ সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ড সম্পন্ন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)। তার নির্দেশে আমরা প্রস্তাব পাঠিয়েছি। এর বেশি আমার জানা নেই।
