‘সদ্য বিবাহিত মিনহাজউদ্দিনের ভালোই দিন কাটছিল মা-বাবা আর নববধূকে নিয়ে। আচমকা তছনছ হয়ে যায় তার সাজানো বাগান। সমপ্রতি মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হয় বারইয়ারহাট বাজারের তরুণ ব্যবসায়ী মাহিন স্টোরের স্বত্বাধিকারী মিনহাজউদ্দিন। এসময় দাউদুল ইসলাম নামে আরো একজন মারা যায়। দুর্ঘটনার খবর নিয়ে জানা গেছে, সিএনজি অটোরিকশা চালকের অদক্ষতার কারণেই দুর্ঘটনা। অকালেই ঝরে যায় কয়েকটি তাজা প্রাণ। অদক্ষ সিএনজি অটোরিকশা চালকের কারণে শুধু এই একটি দুর্ঘটনা নয়, প্রায়শই মিরসরাই উপজেলার বিভিন্নস্থানে ঘটছে অসংখ্য দুর্ঘটনা। অকালেই ঝরে যাচ্ছে তরতাজা জীবন। খবর নিয়ে জানা গেছে, অদক্ষ, কম বয়সী ও লাইসেন্সবিহীন চালকের কারণে ঘটছে দুর্ঘটনা। অনেকটা রিকশা থেকে প্রমোশন নিয়ে সিএনজি চালক বনে গেছে তারা। ড্রাইভিংয়ের ন্যূনতম ধারণা না থাকার পরও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন সড়কে ড্রাইভিং করছে তারা। আর এ নিয়ে প্রশাসনের ভূমিকাও রহস্যজনক। অভিযোগ রয়েছে লাইসেন্স ছাড়া ড্রাইভিং করার অপরাধে পুলিশ বিভিন্ন সময় চালকদের আটক করলেও টাকা নিয়ে পরে তাদের ছেড়ে দেয়। এতে করে ক্রমান্বয়ে অদক্ষ চালকের সংখ্যা বেড়েই চলছে।
জানা গেছে, উপজেলায় প্রায় চার হাজার সিএনজি অটোরিকশা রয়েছে। তাই লাইসেন্স না দেখেই অদক্ষ চালকের হাতে চাবি তুলে দেয় সিএনজি মালিকরা। উপজেলার চৈতনারহাট-তেতৈয়া বাজার পর্যন্ত সিএনজি অটেরিকশার চালক ফরহাদের সাথে কথা হয়। তার বয়স বড়জোর ১৩ বছর হবে। ড্রাইভিং করছে ৮ মাস ধরে। সে নিয়মিত ওই সড়কে যাত্রী বহন করছে। লাইসেন্স আছে কিনা জানতে চাইলে সে জানায়, এই সড়কে গাড়ি চালাতে লাইসেন্সের প্রয়োজন হয় না। তবে সে (ফরহাদ) লাইসেন্স তৈরি করতে দিয়েছে বলে জানায়।
এভাবে উপজেলার বিভিন্ন স্থানে অসংখ্য কমবয়সী চালক রয়েছে। যাদের কারণে প্রতিনিয়ত ঘটছে অসংখ্য দুর্ঘটনা। এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ (এসআই) মেহেদী হাসান বলেন,‘অদক্ষ চালক ও লাইসেন্স না থাকার কারণে প্রায়ই আমরা অভিযান পরিচালনা করে থাকি। তাদের ধরে মামলা দেয়া হলেও তারা ৫০০ টাকা দিয়ে পার পেয়ে যায়। কিন্তু এর পর আমাদের আর কিছু করার থাকে না।
