জয়পুরহাটের কালাই উপজেলায় পরিত্যক্ত যন্ত্রাংশ দিয়ে তৈরি হচ্ছে চার্জার, টর্চ লাইট ও বৈদ্যুতিক পাখা। কালাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলের লেখাপড়া না জানা কয়েকজন যুবক পরিত্যক্ত ব্যাটারি, নষ্ট বৈদ্যুতিক পাখার যন্ত্রাংশ, জর্দা ও দুধের খালি কৌটা দিয়ে তৈরি করছেন এসব। তারা বাণিজ্যিকভাবে সফলতার পাশাপাশি বিদ্যুত্ সুবিধা বঞ্চিতদের ঘরে ঘরে স্বল্প মূল্যে পৌঁছে দিচ্ছেন তাদের উত্পাদিত পণ্য-সামগ্রী। সরেজমিনে দেখা যায়, কালাই উপজেলার পুনট বাজারে কয়েকজন দরিদ্র যুবক নিজেদের মেধা ও শ্রম কাজে লাগিয়ে হাতে তৈরি করছেন বৈদ্যুতিক চার্জার, পাখা ও বাতি। অকেজো ও পরিত্যক্ত পাখার সরঞ্জাম ও ব্যাটারি সংগ্রহ করে সেগুলো ব্যবহার উপযোগী করে বিক্রয় করছেন স্বল্প মূল্যে। প্রয়োজনীয় সুবিধা আর পৃষ্ঠপোষকতা পেলে সৌরশক্তি দিয়েও বিদ্যুত্ উত্পাদন করার ক্ষমতা রাখেন বলে দাবি করেন তারা।
এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেরোসিন তেলের অধিক দাম আর দুষ্প্রাপ্যতার জন্য এসব চার্জার পাখা ও বাতি ব্যবহার করে ছেলে-মেয়েদের লেখাপড়াসহ সাংসারিক নানা কাজে উপকার পাচ্ছেন তারা। পুনট বাজারের ইজাদার আব্দুল কুদ্দুস ফকির আশাবাদ ব্যক্ত করে বলেন, “সহজ শর্তে সরকারি-বেসরকারি ঋণ আর পৃষ্ঠপোষকতা পেলে তারা এ কাজে খুব ভাল করবে।” এ ব্যাপারে স্থানীয় বিসিকের উপ-ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক বলেন, “এ ব্যাপারে ‘বিসিক’ অবগত রয়েছে। আমরা ওইসব সৃজনশীলদের সম্ভাব্য সবরকম সহযোগিতা করার চেষ্টা করবো।”
