নওগাঁয় জেলা যুবলীগের আহবায়ক কমিটির অনুমোদনকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ে যুবলীগের দুই গ্রুপের নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার দিনভর দলীয় কার্যালয়সহ আশেপাশে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। জানা গেছে, গত ২০ এপ্রিল যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ্যাড. খোদাদাদ খান পিটুকে আহবায়ক করে জেলা যুবলীগের ৩১ সদস্য বিশিষ্ট একটি নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির অনুমোদন করাকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালায়ে কেন্দ্র অনুমোদিত ওই কমিটিকে প্রত্যাখ্যান করে যুবলীগের একটি বড় অংশ এক সংবাদ সম্মেলন আহবান করে।
একই সময় অনুমোদিত কমিটির উদ্যোগে পূর্বেই আহবান করা হয় বর্ধিত সভা। এ নিয়ে সেখানে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। উভয় গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়।
সংবাদ সম্মেলনে নওগাঁ জেলা যুবলীগের ওই বিতর্কিত কমিটি বাতিল করে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ জেলা যুবলীগের সর্বস্তরের নেতা-কর্মীদের উপস্থিতিতে কর্মীবান্ধব নতুন জেলা যুবলীগের আহবায়ক কমিটির গঠনের দাবী জানানো হয় ।
এসময় জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক,সহ-সভাপতি আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাবু, সহ-প্রচার সম্পাদক হুমায়ন কবির চৌধুরী সোহেল, সাবেক ছাত্রলীগ নেতা তাজুল ইসলাম তোতা, সদর যুবলীগের সভাপতি ডিএম আউয়াল আতা, সাধারণ সম্পাদক অভিজিত মজুমদার, পৌর যুবলীগের সভাপতি হাসানুজ্জামান চৌধরী নান্নু প্রমুখ উপস্থিত ছিলেন।
