ঝিনাইদহে ৪টি প্রতিষ্ঠান সমবায় সমিতির নামে করে বেআইনী ব্যাংকিং কার্যক্রম চলছে। তারা অফিস খুলে জনগণকে অধিক মুনাফার লোভ দেখিয়ে আমানত গ্রহণ করছে বলে জানা গেছে। ঝিনাইদহের সমবায় দপ্তরের এক সূত্রে জানা যায়, ম্যাক্সিম মালটিপারপাস কো-অপারেটিভ সোসাইটির ঝিনাইদহ সদর ও শৈলকুপার গাড়াগঞ্জে শাখা আছে। দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ঝিনাইদহ সদর ও কোটচাঁদপুরে শাখা আছে। প্রদীপ মার্জিনাল সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতির ঝিনাইদহ সদর ও শৈলকুপার গাড়াগঞ্জে শাখা আছে। ইয়েস ক্যাপিটাল বহুমুখি সমবায় সমিতি ও দি ম্যাক্সিম মালটিপারপাস কো-অপারেটিভের ঝিনাইদহ সদরে শাখা আছে। এসব প্রতিষ্ঠান সমবায়ের নামে রেজিস্ট্রেশন গ্রহণ করলেও ব্যাংকের আদলে কাজ চালিয়ে যাচ্ছে। তারা জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করছে। একটি শাখায় গেলে একজন কর্মী ইত্তেফাকের এ প্রতিনিধির কাছে বলেন, তাদের অফিসে এক লাখ টাকা জমা রাখলে মাসে ১৫শ’ টাকা করে লাভ দেয়া হয়। সমবায় অফিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এসব প্রতিষ্ঠান সমবায়ের নিয়ম-নীতি মানছে না। এসব প্রতিষ্ঠানের সিডিউল ব্যাংকে হিসাব নেই। নিজেদের ইচ্ছামত প্রতিষ্ঠান চালাচ্ছে।
ঝিনাইদহ শহরের দি ম্যাক্সিম-এর ম্যানেজার মোঃ রহুল আমিন বলেন, তারা সবে শাখা খুলেছেন। সদস্যদের কাছ থেকে সঞ্চয় গ্রহণ করছেন। এ পর্যন্ত ৪০ লাখ টাকা জমা বাবদ গ্রহণ করেছে। তারা ব্যাংকিং করছে না। এদিকে খবর বেরিয়েছে রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থেকে এ ধরনের একটি প্রতিষ্ঠান জনগণের কাছ থেকে সংগৃহীত কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকের অনুমোদন ছাড়া কেউ ব্যাংকি ব্যবসা করতে পারে না।
