কসবা উপজেলার নারী শিক্ষার উন্নয়নে এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭২ সালে উপজেলায় একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয় হিসেবে কসবা বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। বিদ্যালয়টি পরবর্তীতে সরকারিকরণ করা হলেও এতে রয়েছে নানবিধ সমস্যা।
বিদ্যালয়টিতে বছরের পর বছর যাবত্ প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ বেশ কয়েকজন বিষয়ভিত্তিক সহকারী শিক্ষকের পদ শূন্য থাকায় বিদ্যালয়ে সুষ্ঠু লেখাপড়া থেকে ছাত্রীরা বঞ্চিত হচ্ছে। বর্তমানে একজন সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন।
বিদ্যালয়টিতে শিক্ষক স্বল্পতা, প্রয়োজনীয় আসবাবপত্র, আধুনিক শিক্ষা উপকরণাদির অভাব ছাড়াও ছাত্রীদের আবাসন সমস্যা রয়েছে। উল্লেখ্য, ১৯৮৬ সালের প্রথমার্ধে সাবেক রাষ্ট্রপতি এরশাদ সরকারি সফরে কসবা উপজেলায় এলে এলাকার জনগণের দাবির প্রেক্ষিতে কসবা বালিকা উচ্চ বিদ্যালয়টিকে সরকারিকরণের কথা ঘোষণা করা হয়।
বিদ্যালয়টি সরকারিকরণের ফলে শিক্ষক/শিক্ষিকাদের বেতন বৃদি পেলও ছাত্রীদের লেখাপড়ার মান বৃদ্ধি পায়নি। অপরদিকে বিগত ২১ বছর পূর্বে অর্থাত্ ১৯৯৩ সালে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের বসবাস করার জন্য প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে অত্যাধুনিক বাসভবন নির্মিত হলেও ভবনটিতে বর্তমানে একজন সহকারী শিক্ষক ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছেন।
