সৈয়দপুরে ধান ক্রয় অভিযান শুরু হয়নি

আপডেট : ২৫ মে ২০১৩, ২২:৪৪
নীলফামারীর সৈয়দপুরে বোরো ধান কাটা-মাড়াইয়ের মহোত্সব চলছে কিন্তু সরকারিভাবে এখনো ধান ক্রয় শুরু হয়নি। এতে করে প্রান্তিক ও মধ্যবিত্ত কৃষকরা ধানের ন্যায্যমূল্য পাচ্ছে না। এসব কৃষক ধান বিক্রি করেই ধান কাটা-মাড়াইয়ে জড়িত শ্রমিকদের পারিশ্রমিক পরিশোধ করে থাকেন। প্রয়োজনে কৃষকরা হাটে-বাজারে কম দামে ধান বিক্রি করছেন। আর এ সুযোগকে হাতছাড়া করছে না মজুদদাররা। স্থানীয় হাট-বাজারে বর্তমানে প্রতিমণ ধান (৪০ কেজি) ৫শ’ থেকে সাড়ে ৫শ’ টাকায় বিক্রি হচ্ছে। অথচ সরকার এক মণ ধানের ক্রয়মূল্য নির্ধারণ করেছে ৭শ’ ৪০ টাকা। সরকারিভাবে ধান ক্রয় অভিযান শুরু হলেই বাজারে ধানের দাম বেড়ে যাবে ঠিকই, কিন্তু বাড়তি মূল্য চলে যাবে মজুদদারদের ঘরে। ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, খুব শিগগিরই ক্রয় কমিটির বৈঠকে ধান ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হবে। এবছর ২১৩ টন ধান ও ২ হাজার ১৭০ টন চাল কেনার লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।