কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে কয়েকটি বিভাগের সেমিষ্টার ফাইনাল পরীক্ষা ও মিড-টার্ম পরীক্ষা হতে দেয়া হয়নি। প্রকাশ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এক শিক্ষকের বিরুদ্ধে ফলাফল নিয়ে দুর্নীতির অভিযোগ এনে অনুষদ ভবনগুলোতে তালা লাগিয়ে দেয়ায় পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তবে ছাত্রলীগের দাবি, এটা সকল সাধারণ শিক্ষার্থীদের দাবি। আমরা শুধু তাদের সাথে একাত্মতা জানিয়েছি। উল্লেখ্য, অবৈধভাবে ইনকোর্সে নম্বর দেয়ার অভিযোগে গত মঙ্গলবার থেকে ক্যাম্পাসে মিছিল ও অনুষদে তালাসহ বিক্ষোভ চলছে। প্রকাশ, ৪ এপ্রিল কুমিল্লার পাদুয়ার বাজার এলাকায় রেল লাইনের ফিসপ্লেট খুলে ভয়াবহ রেল নাশকতার সন্দেহভাজন আসামি হিসেবে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী ও শিবিরকর্মী মোঃ আতাউল্ল্হ বোখারিকে গ্রেফতার করা হয়। তার কোর্স শিক্ষক ও বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক মসিউর রহমান গত ১ মে প্রকাশিত ইনকোর্সের ফলাফলে আতাউল্ল্হ বোখারিকে অবৈধভাবে পাস করিয়ে দেন। অভিযোগে প্রকাশ, ইনকোর্স পরীক্ষায় ঐ ছাত্র উপস্থিত ছিলেন না।
