বাগেরহাটের চিতলমারী এস এম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের তিনতলা ভবনটিতে পিলারসহ রেলিংয়ে ফাটল দেখা দিয়েছে। কাগজপত্রে উক্ত ভবনটিকে এক বছর আগে হস্তান্তর দেখালেও চলতি বছরের জানুয়ারি মাসের শেষের দিকে ওই ভবনে ক্লাস ও স্কুলের কার্যক্রম শুরু হয়। নবনির্মিত ভবনে ফাটল দেখা দেয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
উপজেলা সদর বাজার সংলগ্ন অবস্থিত এস এম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের তিনতলা ভবনের নির্মাণ কাজ ২০১১ সালের মে মাসে শুরু হয়। ভবনটিতে শিক্ষা অধিদফতরের অর্থায়নে ১ কোটি ৩ লাখ ৬২ হাজার ৪৩৯ টাকা খরচ করা হয়। চলতি বছরের জানুয়ারি মাসে ভবনের নির্মাণ কাজ শেষ হলেও সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান ইউনাইটেড অমনি কনসোর্টিয়াম ২ এপ্রিল ২০১৩ কাগজপত্রে ভবনটির হস্তান্তর দেখায়। গত দুই মাস আগে ভবনটিতে সামন্য ফাটল দেখা দেয়। কিন্তু বর্তমানে ফাটলের আকার দিন দিন বেড়ে যাওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে এস এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মল্লিক জানান, ফাটলের বিষয়টি নিয়ে স্থানীয় প্রকৌশলীদের সাথে পরামর্শ করা হচ্ছে।
