নওগাঁর মহাদেবপুরে পরিত্যক্ত ঘোষণা করার ৮ বছর পরও আমলাতান্ত্রিক জটিলতার কারণে ভাঙ্গা হয়নি সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন। দু’তলা এই ভবনটি উপরের ছাদ ও দেয়ালের কিছু অংশ ইতিমধ্যেই ভেঙ্গে পড়েছে। বাকি অংশ ভেঙ্গে সরিয়ে না নিলে যে কোন সময় এই ভবনটি ভেঙ্গে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা সদরে ১৯২১ সালে প্রতিষ্ঠিত সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ে ১৯৬৭ সালে দু’তলা এই ভবনটি নির্মাণ করা হয়। ৮ বছর আগে এই ভবনটিতে ফাটল দেখা দিলে ওই ভবনে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। পরে বিষয়টি প্রকৌশলীদের জানালে তারা পরীক্ষা-নিরীক্ষা করে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। এরপরও ভবনটি সরানো হয়নি। ঝুঁকিপূর্ণ এই ভবনটির পাশেই অন্য একটি ভবনে বর্তমানে এই বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে। এতে যে কোন সময় ভবনটি ভেঙ্গে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এব্যাপারে বিদ্যালয়ের শিক্ষক মাতৃপ্রসাদ জানান, পরিত্যক্ত ভবনটি ভাঙ্গার জন্য শিক্ষা অধিদপ্তরে অনেকবার লিখিত আবেদন দেয়া হয়েছে।
