পটুয়াখালী বিএনপি’র নতুন কমিটি প্রত্যাখ্যান

আপডেট : ২৫ মে ২০১৩, ২২:৪৮
আলতাফ চৌধুরীর নেতৃত্বাধীন নবগঠিত জেলা বিএনপির কমিটিকে প্রত্যাখ্যান করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। বৃহস্পতিবার পটুয়াখালী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপির এই নবগঠিত জেলা কমিটিকে পকেট কমিটি আখ্যায়িত করে তারা বলেন, অধিকাংশ প্রবীণ ও ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে দলছুট ও নব্য আজ্ঞাবহদের নিয়ে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব আগামী জাতীয় নির্বাচনে এই জেলায় বিএনপির ভরাডুবির কারণ হবে বলে উল্লেখ করেন তারা। সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক স্নেহাংশু নরকার কুট্টি। লিখিত বক্তব্যে বলা হয়, ২০১১ সালে পটুয়াখালী জেলা বিএনপি’র নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে ঢাকায় কেন্দ্রীয় দপ্তরে জেলা বিএনপি’র সাব-কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থেকে ভোটদান করেন। কিন্তু ভোটের ফলাফল উপেক্ষা করে সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর স্বেচ্ছাচারিতায় নয় মাস পর ২০১২ সালের ৫ জানুয়ারি জেলা বিএনপি’র সভাপতি আলতাফ হোসেন চৌধুরী ও এম,এ,রব মিয়াকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষণা দেয়া হয়। এই অবস্থায় জেলা বিএনপিতে চরম হতাশা ও বিশৃংখলা সৃষ্টি হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সভাপতি কাজী মাহাবুব, পৌর বিএনপির সাবেক সভাপতি ইউনুচ আলী মোল্লা মশিউর রহমান মিলন প্রমুখ। এব্যাপারে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুর রহমান শাহীন জানান, পটুয়াখালী জেলা বিএনপির একটি পূর্ণাঙ্গ কমিটি মহাসচিব অনুমোদন দিয়েছেন। একটি বড় রাজনৈতিক দলে পদবঞ্চিতদের ক্ষোভ থাকাটা স্বাভাবিক।