শাহজাদপুর-কৈজুরি সড়ক সংস্কার কাজ ১৫ বছর বন্ধ

আপডেট : ২৫ মে ২০১৩, ২২:৪৯
শাহজাদপুর-কৈজুরী সড়কটি দীর্ঘ ১৫ বছরেও মেরামত ও সংস্কার করা হয়নি। ফলে এ সড়ক দিয়ে যানবাহন ও পথচারি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ১০ কিলোমিটার এই সড়কের বেহাল অবস্থার কারণে যাত্রীরা চলছে জীবনের ঝুঁকি নিয়ে। এছাড়া যানবাহন চলাচলে প্রায় প্রতিদিনই ঘটছে অসংখ্য দূর্ঘটনা। এতে প্রাণহানিসহ পঙ্গুত্ববরণ করছে অসংখ্য মানুষ। ইতিমধ্যেই সড়কটির প্রায় পুরো অংশেই ইট, পাথর, পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়কটি দিয়ে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর, পোরজনা, বেলতৈল, জালালপুর, সোনাতনী, গালা ইউনিয়ন, বেলকুচি ও চৌহালী উপজেলার প্রায় ৫ লাখ মানুষ যাতায়াত করে থাকে। এছাড়া এ পথে তাঁতের শাড়ি কাপড়ের বড় বড় গাঁট ও নানা পণ্য সামগ্রী পরিবহন করা হয়। সিরাজগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের অফিস সূত্রে জানাগেছে, মন্ত্রণালয় থেকে অর্থবরাদ্দ পাওয়া গেলে সড়কটি মেরামতের ব্যবস্থা করা হবে।