রাজধানী ঢাকার সাথে সিরাজদিখান উপজেলাবাসীর যোগাযোগের অন্যতম প্রধান সিরাজদিখান-নিমতলী সড়কটি যাত্রীদের কাছে মূর্তিমান আতংক এখন । এ সড়কের কয়েকটি জায়গায় প্রায় সারাক্ষণই যানজট লেগে থাকে।
প্রকাশ, সড়ক ও জনপথ বিভাগের প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ সিরাজদিখান-নিমতলী সড়কের মধ্যে কয়েকটি ব্রিজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ব্রিজগুলোতে ভারি যান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিদিন অধিক মালবোঝাই ট্রাক চলাচল করে। ফলে যেকোন সময় ব্রিজ ধসে বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে। প্রতিদিন টংগীবাড়ী-ঢাকা, কুসুমপুর-সিরাজদিখান-ঢাকাসহ মুন্সীগঞ্জ সদর ও লৌহজং উপজেলার অধিকাংশ যানবাহন এ রাস্তায় চলাচল করে। এই এলাকার অধিকাংশ যাত্রী প্রতিদিন রাজধানী ঢাকায় চাকরি, ব্যবসা-বাণিজ্য ও পড়াশোনা করে সন্ধ্যায় বাড়ি ফেরে। তাই অনেক সময় যানজটের কারণে সঠিক সময় গন্তব্যে পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এছাড়া রাস্তাটি অত্যন্ত সরু। এ ছাড়া রাস্তাটির মধ্যে কোথাও যাত্রী ছাউনি নেই। তাই যত্রতত্র বাস টেম্পো থেকে যাত্রী উঠানামা করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাছাড়া এ রাস্তার অধিকাংশ বাস ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নেই। টমটম-নসিমন নামের এক ধরনের যন্ত্রচালিত গাড়ির দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
