মেঘনা-তেঁতুলিয়ার বুকে জেগে ওঠা চরাঞ্চলের হাজার হাজার বাসিন্দা নিজেদের ভিটা-মাটি আর গরু, ছাগল, হাঁস, মুরগি রেখে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে জীবনহানির আশংকা জেনেও নিরাপদ আশ্রয়ে যেতে চায় না। মূল ভূ-খন্ড হতে উপজেলা প্রশাসন কর্তৃক পাঠানো লঞ্চ ট্রলারগুলো নামমাত্র কিছু লোক নিয়ে ফিরে আসে। এনজিও কর্মী, রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছা সেবকবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার সকল এবং সর্বোপরি প্রশাসনের শক্তি সবকিছুকে উপেক্ষা করে তারা থাকে অনড়। আসবে না কিছুতেই। তাদের একই কথা চলে গেলে ভিটা আগলাবে কে? গরু, ছাগল, হাঁস, মুরগি রক্ষা করবে কে?
মনপুরা উপজেলার ঢালচর ও চরকলাতলীর ১৭ হাজার বাসিন্দা, চরফ্যাশন উপজেলার মেঘনা নদীর নিকটবর্তী বেড়ি বাঁধের বাইরের এলাকা মাদ্রাজ, হাজারিগঞ্জ, জাহানপুর, মানিকা ও নজরুল নগরের ২ হাজার বাসিন্দা এবং তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল, চর নাসরিন ও চর তেলিয়ার সাড়ে ৪ হাজার বাসিন্দাদের মধ্যে নামকাওয়াস্তে কিছু নারী-পুরুষ নিরাপদ আশ্রয়ে এলেও প্রশাসনের সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে বাকিরা রয়ে যায় নিজ নিজ পর্ণকুটিরে। এখানে স্মরণ যোগ্য যে, উল্লিখিত এলাকাগুলোর মধ্যে একটিতেও নেই কোন ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র কিংবা মাটির কিল্লা। বেড়ি বাঁধ না থাকায় চতুর্দিকে থৈ থৈ পানি। এ ব্যাপারে জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, অনুপস্থিতিতে ঘরের কাঁথা, বালিশ সামান্য তৈজষপত্র এবং গবাদিপশু সবই নিয়ে যাবে অন্য কেউ এটাই এদের ধারণা।
এবার প্রশাসন কর্তৃক ঘূর্ণিঝড় মহাসেন থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা ছিল চোখে পড়ার মত। প্রশাসনের আগাম নজরদারিতে স্থানীয়রা বেজায় খুশি।
