বরিশাল সিটি নির্বাচন

সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী

আপডেট : ২৫ মে ২০১৩, ২৩:০২
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ রবিবার বিএনপি’র বিদ্রোহী প্রার্থী এবায়দুল হক চাঁন মনোনয়ন প্রত্যাহার করে নিতে যাচ্ছেন। আওয়ামী লীগের পক্ষ থেকেও শওকত হোসেন হিরণকে একক প্রার্থী করতে শেষ বারের মত জোরালো প্রচেষ্টা চালানো হচ্ছে। বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হক খান মামুনকে সরে দাঁড়ানোর জন্য ম্যানেজ করতে বৈঠকে যোগ দিতে শনিবার রাতে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বরিশাল এসেছেন। এ বৈঠকেই মামুনকে সরে দাঁড়ানোর জন্য শেষ প্রচেষ্টা চালানো হবে। ইতিপূর্বে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চীফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ, উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি ও অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হন। মাহমুদুল হক খান মামুন শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার না করলে তাকে যুবলীগ থেকে বহিষ্কারের ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগ বিদ্রোহীকে নিয়ে ঐকমত্যে না পৌঁছতে পারলেও বিএনপি’র ঐক্য সময়ের ব্যাপার বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। বিএনপি’র একাধিক নেতা জানান বিদ্রোহী প্রার্থী এবায়দুল হক চাঁন নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপি’র দায়িত্বপ্রাপ্ত শীর্ষ নেতারা জানিয়েছেন এবায়দুল হক চাঁন রিটার্নিং অফিসার বরাবর লিখিত মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন গতকাল শনিবার বরিশালে পাঠিয়ে দিয়েছেন। তবে এ ক্ষেত্রে চাঁনকে ম্যানেজ করতে জেলা বিএনপির সভাপতির পদটি ছাড়তে হয়েছে সাবেক মেয়র আহসান হাবিব কামালকে। কামালের লিখিত পদত্যাগপত্র মজিবর রহমান সরোয়ার এমপি দলের কেন্দ ীয় কার্যালয় গতকাল পৌঁছে দিয়েছেন। উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ এমপি ও দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরিন ইত্তেফাককে জানান - চাঁনের মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি এখন সময়ের ব্যাপার। একই ইঙ্গিত দিয়ে মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার ইত্তেফাককে জানান- চাঁন কেন্দ ীয় কয়েকজন নেতার সাথে বৈঠক করে নির্বাচন থেকে সরে দাঁড়াতে রাজি হয়েছেন। আসহান হাবিব কামালের পক্ষে গণসংযোগ শেষে ঢাকায় ফিরে গেছেন দলের ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান। তিনিও ঢাকায় ফিরে এবায়দুল হক চাঁনকে কামালের পক্ষে মাঠে নামানোর জন্য বেগম জিয়াকে সুপারিশ করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। ঢাকায় ফিরে যাওয়ার আগে বেগম সেলিমা রহমান সাংবাদিকদের জানান- সুষ্ঠু নির্বাচন হলে কামাল বিজয়ী হবেন। ঐক্যবদ্ধ বিএনপি আজ সর্বাত্মক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নামতে যাচ্ছে। কিন্তু ম্যানেজ করা যাচ্ছে না আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হক খান মামুনকে। তিনি নির্বাচনের তফসিল ঘোষণার আগেই মাঠে নামেন। এখন সরে দাঁড়াতে নারাজ। দলের নেতারা মনে করছেন এখন মামুনের সাথে দেন-দরবার না করে শওকত হোসেন হিরন দলীয় সমর্থন আদায়কালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে তলব করা উচিত ছিলো মামুনকে। তাকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গেলে মামুন এত অনড় অবস্থানে থাকতো না। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শওকত হোসেন হিরন বিদ্রোহী প্রার্থীকে ভোটের কোন ফ্যাক্টর মনে না করলেও অনৈক্যর জন্য প্রেস্টিজ ইস্যু মনে করছেন। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থন নিয়ে বরিশাল ফিরে মনোনয়পত্র দাখিলের আগেই হিরন কর্মী সমর্থক ও নগরবাসীর ব্যাপক সাড়া পান। দলের শীর্ষ নেতারাও কর্মী সমর্থকদের সু-সংগঠিত করতে হিরনের পাশেই ছিলেন। চরম বিশৃঙ্খলা ছিল বিএনপি’র প্রার্থী নিয়ে। মাত্র এক সপ্তাহে বিএনপি দৃশ্যপট পাল্টে তাদের কর্মী সমর্থকদের নিয়ে ভোটের মাঠে নেমেছেন। আওয়ামী লীগ প্রার্থী শওকত হোসেন হিরনের দলের শক্তি সমর্থনের চেয়ে এখন ব্যক্তিগত ইমেজ কাজে লাগিয়েই ভোটারদের কাছে ছুটছেন। একাধিক নির্বাচনে অংশগ্রহণকারী শওকত হোসেন হিরন বিএনপির ভোট ব্যাংকের বিষয়টি মাথায় রেখেই তার মত করে নগর চষে বেড়াচ্ছেন। দলের ভোট ছাড়াও হিরনের ব্যক্তিগত ইমেজ এবং উপজেলা চেয়ারম্যান ও মেয়র থাকাকালে রুচিশীল উন্নয়ন কর্মকাণ্ডের জন্যই তিনি বিজয়ী হবেন বলে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা মনে করছেন। শওকত হোসেন হিরন সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সমান যোগ্য মনে করে ইত্তেফাককে জানান, এখন আর রাজনৈতিক হিসাব-নিকাশ করার সময় নেই। আমি সাড়ে ৪ বছর সাধ্য অনুযায়ী নগরীর উন্নয়ন করেছি। এটা ছিল আমার পরীক্ষা। আমি পরীক্ষা দিয়েছি জনগণ ১৫ জুন রেজাল্ট দিবেন। বিএনপি’র সেই ভোট ব্যাংক এখন আর বরিশালে নেই বলে মনে করেন হিরন। তিনি বলেন সাবেক প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাস থেকে শুরু করে আহসান হাবিব কামাল পর্যন্ত পৌর মেয়রের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ সদর আসনের এমপি মজিবর রহমান সরোয়ার মেয়রের দায়িত্ব পালন করেছেন। নগরীর উন্নয়নে কে কি করেছেন তার সাক্ষী নগরবাসী। তাই স্থানীয় নির্বাচন এখানে ধানের শীষ বা নৌকার লড়াই নয়। স্থানীয় উন্নয়নে জনগণ যদি মনে করেন আমি যোগ্য আমাকে ভোট দিবে অন্যথায় দিবেন না। হিরন বলেন, আমি পরাজিত হলেও দুঃখ পাব না। আমি স্বস্তি নিয়ে ফিরে যাবো। কারণ আমি উন্নয়নের মাধ্যমে নাগরিক সুবিধা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা করেছি। সকলের চেয়ে বেশি উন্নয়ন কর্মকাণ্ড করতে পেরেছি এটাই আমার মানসিক তৃপ্তি। আওয়ামী লীগ ও বিএনপি জোটের দু’প্রার্থীর মধ্যে ভোটের লড়াই হবে- এটা মানতে নারাজ বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হক খান মামুন। তিনি তিন দিন পূর্বে ইত্তেফাকে প্রকাশিত সংবাদের দৃষ্টি আর্কষণ করে বলেন দ্বিমুখী লড়াই হওয়ার তথ্য সঠিক নয়। নিজে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করে মামুন বলেন, বিএনপি’র প্রার্থী হঠাত্ এসেই নির্বাচিত হবেন এটা ঠিক নয়। দলের সমর্থিত প্রার্থী শওকত হোসেন হিরনের সমালোচনার পাশাপাশি বিএনপি প্রার্থী আহসান হাবিব কামালের সম্পর্কে মামুন বলেন হঠাত্ ভোটারদের কাছে গিয়ে মন গলানো সহজ নয়। বিএনপি প্রার্থী আহসান হাবিব কামাল দলের ভোটের উপর নির্ভর করেই নিজ দলের দীর্ঘদিনের প্রতিপক্ষ মজিবর রহমান সরোয়ারের সমর্থকদের মন জয় করতে ব্যস্ত। নির্বাচন পরিচালনার জন্য নিজের কর্মীদের চেয়েও সরোয়ারের কর্মী-সমর্থকদের বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। এ নিয়ে কামালের ঘনিষ্ঠ কর্মীদের মাঝে কিছুটা অসন্তোষ সৃষ্টি হলেও তা অস্বীকার করেন আহসান হাবিব কামাল। তিনি ইত্তেফাককে বলেন, সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করেই হারানো নগর ভবনের চেয়ার ফিরে পেতে তারা কাজ করছেন। কে কার কর্মী, সমর্থক তা বিবেচনার সুযোগ নেই।