দুই বছরে রাজস্ব কমেছে ৪ হাজার কোটি টাকা

আপডেট : ২৫ মে ২০১৩, ২৩:০৩
আমদানি করা পুরনো গাড়ির শুল্কায়ন, ব্যাংক সুবিধাসহ নানা ক্ষেত্রে বিরাজমান সমস্যাগুলো দূর না হওয়ায় গত দুই অর্থবছরে পুরনো গাড়ি আমদানি খাত থেকে রাজস্ব আদায় কমেছে প্রায় ৪ হাজার কোটি টাকা। বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টারস এন্ড ডিলারস এসোসিয়েশনের (বারভিডা) সভাপতি হাবিবুল্লাহ ডন ইত্তেফাককে উপরোক্ত তথ্য প্রদান করেন। পুরনো গাড়ি আমদানির সাথে সংশ্লিষ্ট চট্টগ্রামের ব্যবসায়ীরা জানান, জাপান থেকে পুরনো গাড়ি আমদানির মাধ্যমে দেশে যে সম্ভাবনাময় বাজার সৃষ্টি হয়েছিলো শুল্কায়ন, স্ল্যাব নির্ধারণ, অবচয় সুবিধা প্রদানসহ বিভিন্ন পর্যায়ে গত দুই বছর ধরে বিদ্যমান প্রতিকূলতাগুলো দূর না হওয়ায় এই ব্যবসা এখন ঝুঁকির মধ্যে পড়েছে। ফলে গত ২০১১-১২ অর্থবছরে এই খাতকে বাঁচানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডের কাছে প্রাক বাজেট যে সব প্রস্তাব দেয়া হয়েছিলো, এ বছরও কার্যত সে সব প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। তারা অভিযোগ করেন, নতুন গাড়ি আমদানিকে উত্সাহিত করতে এক শ্রেণীর কর্মকর্তা শুল্ক বৈষম্যের সৃষ্টি করেছেন। ফলে জাপান থেকে পুরনো গাড়ি আমদানি করতে গিয়ে তারা গাড়ি বাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে পারছেন না। তারা নতুন গাড়ি আমদানির ক্ষেত্রে আন্ডার ইনভয়েসের অভিযোগ তুলে বলেন, নতুন গাড়ির নামে ভারত, কোরিয়া ও চীন থেকে নিম্নমানের গাড়ি আমদানি করা হচ্ছে। তারা নতুন-পুরনো উভয় গাড়ির ক্ষেত্রে অবচয় সুবিধা সমান হারে নির্ধারণ, সমান হারে শুল্কায়ন হার নির্ধারণের দাবি জানান। বারভিডা সভাপতি হাবিবুল্লাহ ডন বলেন, ১৫০০ সিসির নতুন গাড়ির ক্ষেত্রে ডিউটি যেখানে ৯ লাখ টাকা, একই সিসির পুরনো জাপানি গাড়ির ক্ষেত্রে এনবিআরকে ডিউটি দিতে হচ্ছে ১৫ লাখ টাকা। তিনি বলেন, শুল্ক ও অন্যান্য ক্ষেত্রে সমান সুবিধার অভাবে বারভিডা’র সদস্যরা গত দু’বছর ব্যবসায় প্রচন্ড মার খেয়েছে। আমদানি করা পুরনো গাড়ি খাত ২০০৯-১০ অর্থবছরে সরকারকে রাজস্ব দিয়েছে ৩১০০ কোটি টাকা। কিন্তু ব্যবসায়িক পরিবেশ প্রতিকূল হয়ে উঠায় তার পরের বছর অর্থাত্ ২০১০-১১ অর্থবছরে প্রদত্ত রাজস্বের পরিমাণ নেমে আসে ১৩০০ কোটি টাকায়। ২০১১-১২ অর্থবছরে রাজস্বের পরিমাণ নেমে দাঁড়ায় মাত্র ৯০০ কোটি টাকা। এই অবস্থা থেকে উত্তরণে এবারও প্রয়োজনীয় প্রস্তাব এনবিআরকে দেয়া হয়েছে বলে তিনি জানান। এদিকে গাড়ির শুল্কায়নে নিযুক্ত চট্টগ্রাম কাস্টম হাউসের গ্রুপ ৯ বি’র কর্মকর্তাদের নতুন গাড়ি আমদানিতে আন্ডার ইনভয়েসের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান, এ ধরনের অভিযোগ উঠলে যে দেশ থেকে নতুন গাড়ি আমদানি করা হয় সে দেশের দূতাবাসের কাছে গাড়ির প্রকৃত মূল্য জানার জন্য চিঠি দেয়া হয়। দূতাবাসের কাছ থেকে প্রকৃত মূল্য জানার পর নতুন গাড়ির শুল্কায়ন করা হয়ে থাকে।