তারেক অর্থ পাচার মামলার পলাতক আসামি :কামরুল

আপডেট : ২৫ মে ২০১৩, ২৩:০৪
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, তারেক রহমান প্যারোল নিয়ে বিদেশে গেছেন। তবে সেই প্যারোল আর নেই। বর্তমানে তিনি অর্থপাচার ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পলাতক আসামি। যে কোন মূল্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে ইন্টারপোলের সাহায্য নেয়া হবে। গতকাল শনিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিভাগীয় শাখা আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কামরুল ইসলাম বলেন, তারেক রহমান কোথায় আছেন, তা এতদিন চিহ্নিত করা যায়নি। সম্প্রতি একটি রাজনৈতিক সভায় যোগ দিয়ে তিনি তার অবস্থান নিশ্চিত করেছেন। যেহেতু আমরা তার অবস্থান নিশ্চিত হতে পেরেছি, তাই তাকে ফেরত আনতে ইন্টারপোলসহ যে সংস্থার সহায়তা চাওয়া প্রয়োজন বলে মনে করবো, সেই সংস্থার সহায়তাই নেয়া হবে। তারেকের বিরুদ্ধে মামলার বিচার শেষ হওয়ার পথে জানিয়ে কামরুল বলেন, এখন তিনি এসে আইনি লড়াই চালাতে পারেন। সংগঠনের ঢাকা বিভাগ শাখার যুগ্ম আহ্বায়ক মাখছুদুর রহমান খানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।