ঢাকা দক্ষিণ সিটির ওয়ার্ড হচ্ছে সুলতানগঞ্জ ইউপি

আপডেট : ২৫ মে ২০১৩, ২৩:০৯
ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনী বাধা দূর করতে দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ডভুক্ত করা হচ্ছে সুলতানগঞ্জ ইউনিয়নকে। গত বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সুলতানগঞ্জ ইউনিয়নকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীন এক বা একাধিক ওয়ার্ড করার সুপারিশ করেছে। এটি করা হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড সংখ্যা ৫৬ থেকে বেড়ে ৫৭ বা ৫৮টি হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ওয়ার্ডভুক্ত করার জন্য সীমানা নির্ধারণ কর্মকর্তা হিসাবে উপসচিব আনোয়ার হোসেনকে নিয়োগ দিয়েছে। তাকে সহায়তার জন্য উপসচিব শওকত আলী ও সিনিয়র সহকারী সচিব সরোজ কুমার নাথকে নিয়োগ দেয়া হয়েছে। প্রসঙ্গত, ২০১১ সালের ২৯ ডিসেম্বর ঢাকা সিটি করপোরেশন ভেঙ্গে উত্তর ও দক্ষিণ দুটি আলাদা সিটি করপোরেশন করা হয়। নির্বাচন কমিশন গত বছরের ৯ এপ্রিলে তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী ওই বছরের ২৪ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর এক সপ্তাহ পর নির্বাচনে স্থগিতাদেশ চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা নির্ধারণ যথাযথভাবে না হওয়ার অভিযোগে হাইকোর্টে রিট আবেদন করে। ওই আবেদনের প্রাথমিক শুনানি শেষে গত বছরের ১৬ এপ্রিল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এক আদেশে নির্বাচন স্থগিত করে যথাসম্ভব ঢাকার ওয়ার্ডগুলোর সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদ করতে আদেশ দেন। গত বছরের ২৩ জুলাই নির্বাচনের স্থগিতাদেশের মেয়াদ তিন মাস বাড়ায় আদালত। একই বছরের ৮ আগস্টে দ্বিতীয়বার এবং চলতি বছরের জানুয়ারিতে তৃতীয়বারের মতো ওই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ইতিপূর্বে দেয়া রুলের ওপর গত ৬ মে শুনানি শেষ হয়। শুনানি শেষে গত ১৩ মে হাইকোর্ট এ সংক্রান্ত রিট পিটিশন অর্থাত্ নির্বাচন অনুষ্ঠানের ওপর দেয়া স্থগিতাদেশ খারিজ করে দেয়। এ বাস্তবতায় পুনরায় নির্বাচন অনুষ্ঠানের প্রশ্ন দেখা দেয়। কমিশন বৈঠক করে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আরও কিছু আইনগত সমস্যা চিহ্নিত করে। এরমধ্যে একটি হল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নতুনভাবে যুক্ত করা তেজগাঁও সার্কেলের অন্তর্গত সুলতানগঞ্জ ইউনিয়নকে ওয়ার্ডে রূপান্তর করে নতুনভাবে সীমানা নির্ধারণ করা। নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ কমিশন বৈঠকে এ প্রশ্ন উত্থাপন করেন। পরে তিনি সাংবাদিকদের কাছে একই প্রশ্ন উত্থাপন করে বলেন, সুলতানগঞ্জ ইউনিয়নকে ঘিরে সৃষ্ট জটিলতা দূর করা না হলে নির্বাচন নিয়ে আইনগত প্রশ্ন উঠবে। তিনি জানান, এ বিষয়ে সমাধান চেয়ে কমিশন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেয়া হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, চিঠি দেয়ার আগেই স্থানীয় সরকার বিভাগ গত বুধবার সুলতানগঞ্জ ইউনিয়নকে নতুনভাবে ওয়ার্ড ঘোষণা না কি তা সিটি করপোরেশনের বাইরে রাখা হবে - এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য পাঠায়। আইন মন্ত্রণালয় নতুন ওয়ার্ড করার পক্ষে মত দেয় বলে জানা গেছে। আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পরই ওয়ার্ড ঘোষণা ও নতুনভাবে সীমানা নির্ধারণ করার প্রশাসনিক কাজ শুরু করে স্থানীয় সরকার বিভাগ।