ভারতের কোন রাজ্য সরকার টেলিভিশন চ্যানেল অধিগ্রহণ করতে পারে না । শুক্রবার একথা জানিয়ে দিয়েছে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়। ফলে তারা নিউজ ও তারা মিউজিক অধিগ্রহণের পরিকল্পনায় ধাক্কা খেল পশ্চিমবঙ্গের মমতা সরকার।
ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই আগেই জানিয়ে দিয়েছিল কোন রাজ্য সরকার কর্তৃক এভাবে চ্যানেল অধিগ্রহণ করা যায় না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তটি জেনে শুক্রবার কেন্দ্রীয় তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ও জানিয়ে দিল, বর্তমান নীতি ও নিয়মে এটি করা সম্ভব নয়। ভারতের কেন্দ্রীয় তথ্য ও সমপ্রচার মন্ত্রী মনীশ তিওয়ারি এ বিষয়ে বলেন, দুটি চ্যানেল অধিগ্রহণের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার যে পদক্ষেপ করতে চলেছে, তা বর্তমান লাইসেন্স নীতির পরিপন্থি। কোন রাজ্য সরকার নিজে টিভি চ্যানেল চালু করতে পারে না। এই বিষয়ে তথ্য ও সমপ্রচার সচিব উদয় কুমার বর্মার মন্তব্য, সমপ্রচারের বিষয়টি ভারত সরকারের কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত। তাই চ্যানেল চালুর বিষয়ে অনুমতি দেয়ার এখতিয়ারও কেন্দ্রেরই। কোন রাজ্য আইন করে বা বিধানসভায় অর্ডিন্যান্স পাস করিয়ে চ্যানেল চালু করতে পারে না।
তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালিকানা হস্তান্তর বা চ্যানেল অধিগ্রহণের ক্ষেত্রে অনেক জটিলতা রয়েছে। এ ব্যাপারে দেশের কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়ের ছাড়পত্র প্রয়োজন। তবে মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছে, ওই চ্যানেল দুটির কর্মচারীদের কল্যাণের জন্য রাজ্য সরকার আর্থিক সহায়তা করতে পারে। এ জন্য কেন্দ্রের অনুমতির প্রয়োজন নেই। কর্মচারীদের কল্যাণের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার পদক্ষেপ শুরু করেছে। টিভি চ্যানেলের কর্মীদের ১৬ হাজার টাকা করে অনুদানের চেক পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, বিষয়টি অর্থ এবং তথ্য-সংস্কৃতি দফতরের বিবেচনাধীন। আইনও ওই দুই দফতর তৈরি করবে।
