একদলীয় সরকার বিএনপি প্রতিরোধ করবে

আপডেট : ২৫ মে ২০১৩, ২৩:১০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আমাদের করণীয়’ শীর্ষক নাগরিক ফোরাম আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বলেছেন, বর্তমান বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে সাধারণ মানুষ উদ্বেগ ও উত্কণ্ঠায় রয়েছে। গণতন্ত্রের ওপর আঘাত করে সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আইনের প্রতি কোনো তোয়াক্কা না করে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছেন। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীকে বলবো, এসব উল্টাপাল্টা কথা বন্ধ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচন দিন। দেশে গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনুন। রফিকুল ইসলাম মিয়া বলেন, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এরপরেও দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হলে বিএনপি তা প্রতিহত করতে যা যা করা প্রয়োজন সবই করবে। সংগঠনের সভাপতি আবদুল্লাহ হিল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জে. (অব.) রুহুল আমিন চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জয়নুল আবেদিন, নিউনেশন পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, সংসদ সদস্য শাম্মি আক্তার প্রমুখ।