ছাত্র-ছাত্রীদের জামার হাতা কাটা

উদয়নের অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের পদত্যাগ দাবি অভিভাবকদের

আপডেট : ২৫ মে ২০১৩, ২৩:১১
রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জামার লম্বা হাতা কেটে খাটো করে দেয়ার ঘটনায় শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ঘটনার জন্য দায়ী করে অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট শিক্ষকদের পদত্যাগ ও বিচার দাবি করেছে বিদ্যালয়টির অভিভাবক পরিষদ। দাবি মানা না হলে আগামী সোমবার থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বলে হুমকি দিয়েছেন কয়েকজন অভিভাবক। এদিকে জামার হাতা কেটে দেয়ার ঘটনাটিকে ‘দুঃখজনক ও মন্দ উদ্দেশ্যে নয়’ বলার পরেও এটি নিয়ে ‘রাজনীতি’ করার চেষ্টা হচ্ছে বলে দাবি করেছেন বিদ্যালয়টির অধ্যক্ষ। শিক্ষার্থী এবং অভিভাবকদের অভিযোগ বিবেচনায় নিয়ে আজ রবিবার বিদ্যালয়ের গভর্নিং বডির বৈঠক আহবান করা হয়েছে। গত বুধবার দুপুরে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম, দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রদের জামার ও ছাত্রীদের কামিজের লম্বা হাতা কাঁচি দিয়ে কেটে দেন প্রধান শিক্ষিকা (স্কুল) মাহবুবা খানম কল্পনা। তিনি সরকারের একজন মন্ত্রীর স্ত্রীও। তার সাথে ছিলেন বিদ্যালয়ের আরো দুই শিক্ষক কে জি মোস্তফা এবং মেহজাবিন আলম আখি। পরে অভিভাবকরা ঘটনার কারণ জানতে বিদ্যালয়ের অধ্যক্ষ ড. উম্মে সালেমা বেগমের কাছে যান। সেখানে সালেমা বেগম ঘটনাটিকে দুঃখজনক ও ভুল বলে উল্লেখ করেন। পাশাপাশি ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের ড্রেস-কোডকে উপেক্ষা করায় এমনটা হয়েছে বলে মন্তব্য করেন। এরপর গত বৃহস্পতিবার রাতে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক পরিষদ ঘটনার তদন্ত এবং বিচার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সাথে সাক্ষাত্ করেন। ভিসি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন অভিভাবক আবদুল আলীম। ঘটনা প্রসঙ্গে বিদ্যালয়ের অধ্যক্ষ ড. উম্মে সালেমা বেগম বলেন, হাতা কাটার ঘটনাটি আমি আগে জানতাম না। তিনি বলেন, বিদ্যালয়ের ড্রেস কোডে ৭ ইঞ্চি হাতার শার্ট বা কামিজ পরিধান করার বিধান রয়েছে। কিন্তু ছাত্র-ছাত্রীরা সেই নিয়মকে পাত্তাই দিচ্ছে না। একারণেই কল্পনা হয়তো এতটা কঠোর হয়েছিলেন সেদিন। তিনি ছাত্র-ছাত্রীদের সন্তানের মতো জেনে নিজের অধিকার নিয়েই তাদের জামার হাতা কেটেছেন। তার সাথে আরো দুই শিক্ষক ছিল। তবে ঘটনার পর তিনি ভুল বুঝতে পেরেছেন। ঘটনাটি এমন হবে জানলে আগে থেকেই আমি ড্রেসকোডের বিষয়টি ভিন্নভাবে ব্যবস্থা করতাম। এ কাজটি ভুল ও অনভিপ্রেত। তবে এটিকে এখন রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হচ্ছে। কয়েকজন অভিভাবক আমাকে বেকায়দায় ফেলা এবং বিশৃংখলা তৈরির জন্য মন্দ উদ্দেশ্যে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করছেন। অভিভাবক পরিষদের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান বলেন, রবিবার বিদ্যালয়ের গভর্নিং বডির বৈঠকে ঘটনাটির সুষ্ঠু সুরাহা না হলে অভিভাবকরা আন্দোলনে যাবে। তারা অধ্যক্ষ, প্রধান শিক্ষিকা ও দায়ী শিক্ষিকাদের বিচার এবং পদত্যাগও দাবি করেছেন। ঘটনাটি সম্পর্কে জানতে মোবাইলের মাধ্যমে মাহবুবা খানম কল্পনাকে পাওয়া যায়নি।