গত কয়েকদিনের টানা বর্ষণে ডিএনডির অভ্যন্তরে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হলেও পানি দ্রুত সরছে না। এতে দুর্ভোগ বেড়েছে বাসিন্দাদের। মধ্য ডিএনডিসহ বেশ কয়েকটি এলাকায় ১ থেকে ৪ ফুট পানিতে তলিয়ে রয়েছে। এতে বহু বাড়িঘর, রাস্তাঘাট, শিল্প-কারখানা, মসজিদ, মাদ্রাসা ও স্কুল-কলেজ, সবজি ক্ষেত ও নার্সারীসহ বিভিন্ন স্থাপনা তলিয়ে আছে। দ্রুত পানি নিষ্কাশনের অভাবে এ ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জলাবদ্ধতার শিকার লোকজন অভিযোগ করেন।
জানা যায়, কয়েকদিনের টানা বর্ষণে ডিএনডির অভ্যন্তরে বসবাসরত কয়েক লাখ লোক পানিবন্দি হয়ে পড়েছে। এতে শিশু, মহিলা, বৃদ্ধ-বৃদ্ধারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। গোদনাইল নয়াপাড়ার বাসিন্দা আলী মাদবর জানান, গত ২৪ ঘণ্টায় বৃষ্টি না হলেও এক ইঞ্চি পানিও কমেনি। তাই আমাদের দুর্ভোগ আরও বেড়েছে। কদমতলী কলেজপাড়ার বাসিন্দা মোহাব্বত আলী জানান, বাথরুম ও রান্না ঘর পানিতে ডুবে যাওয়ায় মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছি। শনিবার দুপুরে গিয়ে দেখা যায়, শিমরাইলস্থ পাম্প হাউজের ১২৮ কিউসেক ক্ষমতা সম্পন্ন ৪টি পাম্পের মধ্যে ২টি পাম্প চালু রাখা ছাড়াও অতিরিক্ত আরও ৫ কিউসেক ক্ষমতা সম্পন্ন ২২টির মধ্যে ৯টি পাম্প চালু রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মাহতাব উদ্দিন জানান, বর্তমানে ডিএনডি’র নিষ্কাশন খালের পানির উচ্চতার চেয়ে শীতলক্ষ্যার পানি দু’ ফুট নিচু রয়েছে। দু’টি পাম্পের গেট খুলে দেয়ায় পাম্প চালু না থাকলেও অনবরত পানি শীতলক্ষ্যা নদীতে গিয়ে পড়ছে। সিদ্ধিরগঞ্জের শিমরাইলস্থ পাম্প হাউজের নির্বাহী প্রকৌশলী এম. গোলাম সারোয়ার জানান, আর যদি বৃষ্টিপাত না হয় তবে ২/৩ দিনের মধ্যে ডিএনডি’র পানি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে।
