নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে একই পরিবারের চারজনকে হত্যার সন্দেহে আটক শামীম রেজার পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় গতকাল শনিবার পুলিশের ঢাকা রেঞ্জের এডিশনাল ডিআইজির নেতৃত্বে ৩ সদস্যের টিম শামীমদের বাড়িতে গিয়ে সাক্ষ্য নিয়েছে।
তদন্ত কমিটির প্রধান এডিশনাল ডিআইজি খন্দকার গোলাম ফারুক শামীম রেজার পরিবারের সদস্যদের সাক্ষী নেওয়ার সময় বাড়ীর বাহিরে এলাকার হাজার হাজার নারী পুরুষ ও এলাকাবাসী ওসি আতিকুর রহমান খান, পরিদর্শক (তদন্ত) অরূপ তরফদার, উপ-পরিদর্শক (এসআই) শেখ সাদিক ও নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। এসময় এডিশনাল ডিআইজি বিক্ষুদ্ধ এলাকাবাসীকে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়। ঢাকা রেঞ্জের এডিশনাল ডিআইজি খন্দকার গোলাম ফারুককে কমিটির প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ওই কমিটির অন্যান্য সদস্যরা হলেন নরসিংদী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুব্রত কুমার হাওলাদার ও নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান প্রশাসন। এ দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের নির্দেশে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি বাতিল করেছেন।
এডিশনাল ডিআইজি খন্দকার গোলাম ফারুক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শামীম হত্যার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত রিপোর্ট প্রদান করা হবে। আজ কালের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।
