এমপি হয়েও মন্ত্রীর প্রটোকলে নিজ নির্বাচনী এলাকা মাদারীপুরের কালকিনি ঘুরে গেলেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন! দলীয় এবং স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আবুল হোসেন বৃহস্পতি, শুক্র ও শনিবার এই ৩ দিন মন্ত্রীর প্রটোকল নিয়ে কালকিনি সফর করেছেন। তার প্রটোকলে মাদারীপুর জেলা প্রশাসন থেকে ৪ উপজেলা প্রশাসনকে সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করতে নির্দেশ দেন।
এছাড়াও জেলা প্রশাসকের নেজারত শাখা থেকে আবুল হোসেনের প্রটোকলে ৪৮ ডিপার্টমেন্টকে সুযোগ সুবিধাদানে নিয়োজিত থাকার নির্দেশ দেয়া হয়। কালকিনি উপজেলা প্রশাসন এমপি সৈয়দ আবুল হোসেনের আগমন ও তার সভায় যাতে চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও সাধারণ মানুষ উপস্থিত থাকে তার ব্যবস্থা নিতে সকল স্তরের মানুষকে আহবান জানান। উপজেলা প্রশাসন সবার উপস্থিতি বাস্তবায়ন করতে বিভিন্নভাবে দাওয়াত করেন। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম শামসুন নূর এর মাধ্যমে ইউপি চেয়ারম্যানদের দাওয়াত করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ ফজলে আজিমের কাছে দুর্যোগ মোকাবেলা প্রস্তুতি সভায় সিডিখান ইউনিয়নের চেয়ারম্যান চাঁন মিয়া শিকদার, শিকারমঙ্গলের এম এ কুদ্দুস বেপারী ও এনায়েতনগরের শহিদুল্লাহ মারুফ অভিযোগ করেন। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এই সফরে নিমন্ত্রণ থাকা সত্ত্বেও অংশগ্রহণ করেননি অধিকাংশ ইউপি চেয়ারম্যান। এ ব্যাপারে জেলা প্রশাসক মো. নূর-উর-রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
