বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি ও সংগ্রাম প্রতিনিধিসহ জামায়াতের ১০ নেতাকর্মীকে আটক এবং অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। নোয়াখালীতে ছাত্রশিবিরের দুই কর্মীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঝিনাইদহের কোটচাঁদপুরে গ্রেফতার করা হয়েছে বোমাসহ জামায়াত কর্মী। দিনাজপুরে পোস্টারসহ তিন শিবির ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে।
বরিশাল অফিস: মহানগর জামায়াতের সেক্রেটারী মো. জহিরউদ্দিন বাবর ও প্রচার সম্পাদক দৈনিক সংগ্রামের বরিশাল প্রতিনিধি মোঃ শাহ আলমসহ ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অন্যরা হলেন, আশ্রাফুল আলম, বজলুর রহমার, মোঃ অলিউল্লাহ, আব্দুল মান্নান, আহম্মদ আলী, আব্দুস সাত্তার, আবুল বাশার ও সৈয়দ আব্দুল ওহাব। কোতয়ালী পুলিশ জানায়, রবিবার হরতালে নাশকতার লক্ষ্যে নগরীর আমতলা এলাকার একটি বাসায় গোপন বৈঠক করছিলো তারা। গোপন সংবাদ পেয়ে ওই বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে সিটি নির্বাচনে তারা ১৮ দলীয় জোটের প্রার্থীর পক্ষে কাজ করায় তাদের উদ্দেশ্যমূলকভাবে গ্রেফতার করা হয়েছে।
একই রাতে নগরীর স্ব-রোড এলাকার চিহ্নিত সন্ত্রাসী মিহির সরকারের ঘরেও অভিযান চালিয়ে দেশীয় একটি পাইপগান ও চার রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
নোয়াখালী প্রতিনিধি: দলীয় পোষ্টার লাগানোর সময় দুই ছাত্র শিবির কর্মী তাজুল ইসলাম ও শরীফ উল্যাকে যুবলীগ কর্মীরা ধরে চড় থাপ্পড় দিয়ে চরজব্বার থানার পুলিশের কাছে সোপর্দ করে। গতকাল শনিবার ভোরে সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটার শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্র শিবিরের তিন কর্মী বাজারের বিভিন্ন স্থানে জামায়াত ও হেফাজত ইসলামের পোষ্টার লাগানোর সময় স্থানীয় যুবলীগ নেতা কেফায়েত উল্যাহর নেতৃত্বে কয়েকজন মিলে তাদেরকে আটক করে। তাদের মধ্যে শিবির কর্মী শিমুল উপজেলা ছাত্রলীগের প্রভাবশালী এক নেতার আত্মীয়, তাই তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আটককৃতদের মধ্যে তাজুল ইসলাম আনসার মিয়ার হাট দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র ও শরীফ উল্যা স্থানীয় সৈকত ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। পুলিশ আটককৃত দুই শিবির কর্মীকে গ্রেফতার করে পূর্বের একটি রাজনৈতিক সহিংস মামলার আসামি দেখিয়ে দুপুরে আদালতে হাজির করে। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
ভ্রাম্যমাণ প্রতিনিধি (ঝিনাইদহ): শুক্রবার রাতে পুলিশ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পাশপাতিলা গ্রাম থেকে ৩টি হাত বোমাসহ মোস্তাফিজুর রহমান বিদ্যুত্ নামে এক জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে। সে একই উপজেলার চাঁনপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। কোটচাঁদপুর থানার ওসি শহিদুল ইসলাম শাহিন জানান, গভীর রাতে যশোরের চৌগাছা থেকে মোটর সাইকেল যোগে দু’জন কোটচাঁদপুর আসছিল। এ সময় তারা টহল পুলিশের সামনে পড়ে। অপর জন মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। বিদ্যুত্ পুলিশের হাতে ধরা পড়ে। তার কাছ খেকে ৩টি হাতবোমা পাওয়া যায়।
স্টাফ রিপোর্টার, দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর বাজারে হেফাজতে ইসলামের ব্যানারে সরকার বিরোধী শ্লোগান সম্মিলিত পোষ্টার লাগানোর সময় ৩ শিবির ক্যাডারকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে প্রকাশ, গতকাল শনিবার সকাল ৮টায় নবাবগঞ্জ উপজেলার দাউদপুর বাজারে বিভিন্ন স্থানে সরকার বিরোধী শ্লোগান সম্বলিত পোষ্টার হেফাজতে ইসলামের ব্যানারে লাগানোর সময় পুলিশ শিবির ক্যাডার রফিকুল ইসলাম (২৫), জয়দুর রহমান (২৬) ও সফিকুর রহমানকে (২৩) আটক করে একটি মামলা দায়ের করেছে। এ সময় পুলিশ তাদের নিকট থেকে ২১৮টি পোষ্টার এবং প্রায় ৫ শতাধিক লিফলেট উদ্ধার করে।
