দুগ্ধ শিল্পকে হরতালের আওতামুক্ত রাখার দাবি

আপডেট : ২৫ মে ২০১৩, ২৩:১৪
এমনিতেই দুগ্ধশিল্পে সংকট চলছে। খামারিদের উত্পাদিত দুধের একটা অংশ অবিক্রীত থেকে যাওয়ায় লোকসান গুণতে হচ্ছে তাদের। এর ওপর বার বার হরতালে তাদের লোকসানের পাল্লা ভারি হয়ে চলেছে। তবে শুধু খামারিরাই নন, দুধব্যবসায়ী ও দুধ সংগ্রহকারী প্রতিষ্ঠানসহ দুগ্ধশিল্পের সঙ্গে জড়িত সবাই হরতালে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ জন্য দুগ্ধশিল্পকে হরতালের আওতামুক্ত করার জোর দাবি উঠেছে। জানা যায়, পাবনার বেড়া, সাঁথিয়া, ফরিদপুর, ভাঙ্গুড়া এবং সিরাজগঞ্জের শাহাজাদপুর ও উল্লাপাড়া উপজেলা নিয়ে গড়ে উঠেছে দেশের প্রধান দুগ্ধ উত্পাদনকারী অঞ্চল। এই অঞ্চলে রয়েছে লক্ষাধিক খামার। প্রতিদিন উত্পাদিত হয় প্রায় ৫ লাখ লিটার দুধ। উত্পাদিত দুধ মিল্ক ভিটা, আড়ং, প্রাণ, ফার্মফ্রেস, অ্যামোমিল্ক, আফতাব, রংপুর ডেইরিসহ কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে সারা দেশে খোলা বাজারে বিক্রি করে থাকে। এসব প্রতিষ্ঠান দুধ সংগ্রহ কমিয়ে দিলে বা বন্ধ করলে উত্পাদিত দুধ নিয়ে বিপাকে পড়ে যান খামারিরা। অবিক্রীত দুধ স্থানীয় বাজারে নিয়ে পানির দরে বিক্রি করতে বাধ্য হন তারা। খামারিরা জানান, গত চার-পাঁচ মাসে একের পর এক হরতালে তাদের লোকসানের পাল্লা বেশ ভারী। এর ওপর আগামী দিনগুলোতে নতুন করে হরতাল ঘোষণার আশংকায় আতংকিত হয়ে রয়েছেন খামারিসহ দুগ্ধশিল্পের সঙ্গে জড়িতরা।