এপ্রিলে তৈরি পোশাক রপ্তানি প্রায় পাঁচ শতাংশ কমেছে

আপডেট : ২৫ মে ২০১৩, ২৩:১৬
গত বছরের মার্চ মাস থেকে তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়া শুরু করলেও জুলাই থেকে রপ্তানি বাড়তে থাকে উল্লেখযোগ্য হারে। সেই ধারাবাহিকতায় চলতি বছরের জানুয়ারি মাসে আগের মাসের তুলনায় পোশাক রপ্তানি বেড়েছিলো প্রায় ২৩ শতাংশ। চলমান রাজনৈতিক অস্থিরতা আর অব্যাহত শ্রমিক অসন্তোষের কারণে পরের মাসে প্রবৃদ্ধি কমে গিয়ে দাঁড়ায় ১২ শতাংশে। মার্চ মাসে আবারো বাড়তে থাকে রপ্তানি। আগের মাসের তুলনায় মার্চ মাসে রপ্তানি বাড়ে ১৯ দশমিক ৩৮ শতাংশ। কিন্তু প্রবৃদ্ধি ইতিবাচক ধারায় ফেরার পরের মাসেই পোশাক রপ্তানি আবার কমতে শুরু করে। সর্বশেষ হিসাব অনুযায়ী, গত এপ্রিল মাসে পোশাক রপ্তানি প্রবৃদ্ধি কমে দাঁড়ায় ১৪ দশমিক ৭৮ শতাংশে। সেই হিসাবে আগের মাসের তুলনায় এপ্রিলে রপ্তানি কমেছে প্রায় পাঁচ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এই তথ্য জানা গেছে। রপ্তানিকারকরা জানিয়েছেন, গত কয়েকমাসের শ্রমিক অসন্তোষ এবং চলমান রাজনৈতিক অস্থিরতার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। তারা জানান, চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, শ্রীলংকা এবং তুরস্কের মতো দেশগুলোতে তৈরি পোশাকের উত্পাদন খরচ বেড়ে যাওয়ায় তা বাংলাদেশের জন্য আশির্বাদ হয়ে আসে। ওইসব দেশের তুলনায় বাংলাদেশের তৈরি পোশাকের উত্পাদন খরচ কম পড়ে। এছাড়া গত কয়েক বছরে বাংলাদেশের পোশাক শিল্পের উদ্যোক্তারা তাদের পণ্যের বহুমুখিকরণও করেছেন। এক সময় বাংলাদেশ থেকে মাত্র কয়েক ধরনের পোশাক রপ্তানি হলেও এখন এর সংখ্যা হাজারেরও ওপরে। বড় বড় বিদেশি ক্রেতারা তাদের স্টোরে দ্রুত পোশাক পাঠিয়ে দিতে ঢাকায় অফিসও খুলেছেন। অর্ডারও আসছিলো প্রচুর। কিন্তু যথাসময়ে পণ্য রপ্তানি করা যাচ্ছে না। এজন্য অনেক অর্ডার বাতিল হচ্ছে বলে জানান রপ্তানিকারকরা। ইপিবি সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের (২০১২-২০১৩) প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) বাংলাদেশ মোট এক হাজার ৭৩০ কোটি ৭২ লাখ মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। যা আগের অর্থবছরের (২০১১-২০১২) চেয়ে প্রায় সাড়ে ১১ শতাংশ বেশি। এ সময়ে ওভেন পোশাক রপ্তানি হয়েছে ৮৯৩ কোটি ডলারের। যা আগের বছর ছিলো ৭৮৩ কোটি ডলার। গত মার্চ মাসে নীট এবং ওভেন পোশাক মিলিয়ে রপ্তানি হয়েছিলো ১৮৪ কোটি ৬৪ লাখ ডলার। এপ্রিলে তা প্রায় ৫ শতাংশ কমে ১৬৩ কোটি মার্কিন ডলারে এসে দাঁড়ায়। মার্চ মাসে প্রায় একশ কোটি ডলারের ওভেন পোশাক রপ্তানি হলেও এপ্রিল মাসে তা কমে গিয়ে দাঁড়ায় সাড়ে ৮৩ কোটি ডলারে। মার্চ মাসে নীট পোশাক রপ্তানি হয়েছিলো সাড়ে ৮৫ কোটি ডলার। এপ্রিল মাসে তা সাড়ে ৭৯ কোটি ডলারে দাঁড়িয়েছে। ইপিবির তথ্য থেকে জানা গেছে, মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে নীটওয়্যার রপ্তানি কম হয়েছে ৮ শতাংশ। তবে ওভেনে কমেছে মাত্র ২ শতাংশ। নীটওয়্যার রপ্তানিকারদের সাথে কথা বলে জানা গেছে, রাজনৈতিক অস্থিরতা এবং হরতাল এ দু’মাসের নীটওয়্যার রপ্তানিতে পার্থক্য গড়ে দিয়েছে। বিশেষ করে হরতালের কারণে অনেকে আমদানি করা তুলা এবং সুতা যথাসময়ে বন্দর থেকে খালাস করতে পারেননি। জাহাজ এসে বন্দরে বসে থাকলেও নিরাপত্তার অভাবে অনেকে পণ্য পরিবহন করেননি। কাঁচামাল না থাকায় উত্পাদনও ব্যাহত হয়েছে বলে একজন নীটওয়্যার রপ্তানিকারক জানান। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদি এ বিষয়ে বলেন, তাজরীন ফ্যাশন্স-এর অগ্নিকাণ্ড এবং রানা প্লাজা ধসের পর বহির্বিশ্বে একটি নেতিবাচক প্রভাব পড়ে। আমরা নানাভাবে তা কাটিয়ে উঠার চেষ্টা করছি। কিন্তু হরতালসহ নানা রাজনৈতিক অস্থিরতায় আমাদের ভাবমূর্তি আরো ক্ষুণ্ন হচ্ছে। তিনি বলেন, নেতিবাচক ধারা কাটিয়ে উঠতে আমাদের হরতাল এবং ধ্বংসাত্মক কর্মসূচি থেকে বেরিয়ে আসতে হবে। বিজিএমইএ সূত্র জানিয়েছে, চীন, তুরস্ক, শ্রীলংকা, কম্বোডিয়া, ভিয়েতনামে পোশাকের উত্পাদন খরচ বেড়ে যাওয়ায় গত এক বছরে বিশ্বখ্যাত ক্রেতা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে তাদের অফিস খুলেছে। ওয়ালমার্ট, জেসি পেনি, জারা, টেসকো, আইকেইএ, মার্কস এন্ড স্পেন্সার, এইচ এন্ড এম, জি-স্টার র, ইউনিকলো প্রভৃতি প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের অর্ডার বাড়িয়েছে। স্প্যানিশ সাপ্লাই চেইন ইন্ডিটেক্স গ্রুপ তাদের আটটি বিখ্যাত ব্রান্ডের জন্য বাংলাদেশে পোশাকের অর্ডার বাড়িয়েছে। এত সুখবরের পরও রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিক অসন্তোষ বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। আব্দুস সালাম মুর্শেদি জানান, একজন ক্রেতা পোশাকের অর্ডার দেয়ার পর সময় নির্দিষ্ট করে তার স্টোরে পোষ্টার দিয়ে জানান দেয়। আমরা যদি সময়মতো সে পোশাক সরবরাহ করতে না পারি তাহলে এ ক্ষত্রে বিপত্তি হয়। কোন ক্রেতাই এ ধরনের ঝুঁকি নিতে চায় না। এজন্য কিছু ক্রেতা বাংলাদেশে অর্ডার দেয়ার সময় এখন দ্বিতীয়বার চিন্তা করছে। তার মতে, বর্তমানে যে অস্থিরতা চলছে তার প্রভাব পড়বে সামনের অর্ডারগুলোতে। তখন পোশাক রপ্তানি আরো কমে যাওয়ার আশংকা রয়েছে।