দিল্লি আসছে, বাতি জ্বলবে

আপডেট : ২৫ মে ২০১৩, ২৩:১৬
ভারত থেকে বিদ্যুত্ আসছে। দিল্লীর হস্তক্ষেপে দ্রুত কাজ হচ্ছে বহরমপুরে। বাংলাদেশ-ভারত উভয় দিকেরই কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। দীর্ঘ প্রতীক্ষার পর সেপ্টেম্বরের মধ্যেই কাঙ্ক্ষিত এ বিদ্যুত্ দেশে পৌঁছবে বলে উভয়পক্ষই আশা প্রকাশ করছেন। দু’দেশের এই বিদ্যুত্ সংযোগ লাইন-এর উদ্বোধনী দিনে উভয় সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এদিকে সবকিছু ঠিকঠাক চললে চলতি বছরই ক্ষমতা ছাড়তে হবে বর্তমান সরকারকে। তার আগেই দুই দেশের মধ্যে বিদ্যুত্ আদান-প্রদান শুরু করার চেষ্টা করা হচ্ছে। তবে এই সময়ের মধ্যে কাজ শেষ করা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। বাংলাদেশ অংশের কাজ প্রায় শেষ হলেও ভারত অংশের কাজ শেষ হতে আরো কিছু সময় লাগতে পারে। প্রথম দিকে পশ্চিমবঙ্গ সরকারের অনিচ্ছার কারণে এই দেরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে দিল্লীর হস্তক্ষেপে সে সমস্যা কেটে গেছে বলে জানা গেছে। দিল্লী থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে ভারত অংশের কাজ। দিল্লীও চাইছে সেপ্টেম্বরের মধ্যেই বাংলাদেশে বিদ্যুত্ সরবরাহ শুরু করতে। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ভারত বিদ্যুত্ সংযোগ হবে একটি মাইলফলক। কারণ দক্ষিণ এশিয়ায় এটাই প্রথম। এক দেশের বিদ্যুত্ অন্য দেশে যাবে। দুই দেশের বিদ্যুত্ সংযোগ লাইন হবে। সীমান্ত পার হওয়া এখন শুধু সময়ের ব্যাপার। এশিয়ার অন্য অঞ্চল এবং ইউরোপ, আমেরিকা, আফ্রিকাসহ বিভিন্ন অঞ্চলে জ্বালানি নিরাপত্তার জন্য আন্তঃদেশীয় বিদ্যুত্ অথবা গ্যাস সংযোগ থাকলেও দক্ষিণ এশিয়ায় নেই। যদিও এই অঞ্চলে জ্বালানি বিনিময়ের প্রয়োজন ও সম্ভাবনা অনেক বেশি। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভারত থেকে বিদ্যুত্ আমদানি করতে বাংলাদেশ ও ভারত উভয় দেশেই সঞ্চালন লাইন স্থাপনের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে। চলতি বছরের ১৫ জুলাই-এর মধ্যে কুষ্টিয়ার ভেড়ামারা বিদ্যুত্ উপকেন্দ্র স্টেশন নির্মাণ কাজ শেষ হবে। আর ভারতীয় অংশের কাজ শেষ হবে আগষ্টের মধ্যে। বাংলাদেশ অংশের কাজ দ্রুত হলেও ভারত অংশের কাজ হচ্ছে কিছুটা ঢিমেতালে। ভারত অংশের কাজ দ্রুত শেষ করতে দিল্লী থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন আমাদের কলকাতা প্রতিনিধি। বাংলাদেশ অংশে সঞ্চালন লাইনের ৯০ ভাগ ও ভৌত অবকাঠামো নির্মাণের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। অপর দিকে ভারত অংশে হয়েছে প্রায় ৭৫ ভাগ। ভারতীয় অংশে সঞ্চালন লাইনের টাওয়ার স্থাপনের কাজ শুরু হয়েছে। টাওয়ার স্থাপন করতে মাটির নিচের কাঠামো নির্মাণ চলছে। বিদ্যুতের টাওয়ার স্থাপনে মাটির নিচের কাজ শেষ করতেই বেশি সময় লাগে বলে প্রকৌশলীরা জানিয়েছেন। কুষ্টিয়ার ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে ৫০০ কিলোভোল্ট লোড ক্যাপাসিটি সম্পন্ন ৪০০ কিলোভোল্টের (কেভি) স্টেশন এবং সঞ্চালন লাইনের টাওয়ারসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ কাজের দায়িত্ব পালন করছে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। পিজিসিবি ভেড়ামারা বিদ্যুত্ উপকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গৌতম কুমার দে ইত্তেফাককে জানান, চলতি বছরের ১৫ জুলাই-এর মধ্যে বিদ্যুত্ উপকেন্দ্র নির্মাণ কাজ শেষ হবে। ভারতের বহরমপুর বিদ্যুত্ কেন্দ্র থেকে সে দেশের সীমান্ত পর্যন্ত কাজও দ্রুত গতিতে চলছে বলে তিনি জানান। পিজিসিবি’র প্রকল্প ব্যবস্থাপক আলমগীর হোসেন জানান, ৫০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুত্ স্টেশন দিয়ে দুই দেশের মধ্যে এক হাজার মেগাওয়াট বিদ্যুত্ আদান-প্রদান সম্ভব হবে। পাওয়ার গ্রিড আন্তঃসংযোগ প্রকল্পের পরিচালক কাজী ইসতিয়াক হাসান জানান, ভেড়ামারা উপজেলার রামকৃষ্ণপুর গ্রাম সংলগ্ন রেলওয়ের ১১৩ একর জমির উপর এই স্টেশন স্থাপন করা হচ্ছে। ২০১১ সালের ২৯ মার্চ বিদ্যুত্ স্টেশন নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়। আশা করছি জুলাই মাসে কাজ শেষ হবে। সে সময়ই এ পথে আমরা বিদ্যুত্ সঞ্চালন করতে পারবো। পিজিসিবি সূত্র জানায়, ভারতের বহরমপুর বিদ্যুত্ কেন্দ্র থেকে সে দেশের সীমান্ত পর্যন্ত ২৩৪টি টাওয়ার স্থাপন করা হচ্ছে। এই সঞ্চালন লাইনের দৈর্ঘ্য হবে ৭০ কিলোমিটার। বাংলাদেশের ভেড়ামারা উপকেন্দ্র স্টেশন থেকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রকটনগর সীমান্ত পর্যন্ত ৮১টি টাওয়ার স্থাপন করা হয়েছে। এই সঞ্চালন লাইনের দৈর্ঘ্য হবে ২৭ কিলোমিটার। বাংলাদেশ প্রান্তে টাওয়ার স্থাপনের জন্য মাটির নিচের অবকাঠামোর কাজ শেষ হয়েছে। ভারত থেকে আমদানি করা উপকরণে টাওয়ারগুলো স্থাপন করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, দুই দেশের মধ্যে চুক্তি অনুযায়ী আপাতত ২৫০ মেগাওয়াট বিদ্যুত্ আসবে এ পথে। দুই সরকারের মধ্যে এমনই চুক্তি হয়েছে। পরে আরো ২৫০ মেগাওয়াট বিদ্যুত্ ভারতের খোলা বাজার থেকে কিনে আনতে হবে। খোলা বাজারের এই বিদ্যুত্ কিনতে এরই মধ্যে একবার দরপত্র আহবান করা হয়েছিল। কিন্তু কোন সাড়া মেলেনি। নতুন করে আবার দরপত্র আহবান করার উদ্যোগ নেয়া হচ্ছে। ২০১০ সালের প্রথমদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে ২৫০ মেগাওয়াট বিদ্যুত্ কেনার চুক্তি করেন। জানা গেছে, ভারতীয় বিদ্যুত্ সঞ্চালন লাইনের মাধ্যমে সে দেশের বহরমপুর কেন্দ্র থেকে ৪০০ কেভি ডিসি বিদ্যুত্ ভেড়ামারায় সরবরাহ করা হবে। পরে সেই বিদ্যুত্ ভেড়ামারা স্টেশন থেকে স্টেপ ডাউনের মাধ্যমে ২৩০ কেভি এসি বিদ্যুতে রূপান্তর করে ঈশ্বরদী গ্রিড সাব-স্টেশন ও খুলনা গ্রিড সাব-স্টেশনের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। চুক্তি অনুযায়ী প্রথম পর্যায়ে ভারত থেকে বিদ্যুত্ আমদানি করবে বাংলাদেশ। পরবর্তীকালে ঘাটতি মিটলে বাংলাদেশ থেকেও ভারতে বিদ্যুত্ রপ্তানি করা হবে।