গার্মেন্টস শিল্পের অবস্থা দেখতে মার্কিন কংগ্রেসম্যান মিলার ঢাকায়

আপডেট : ২৫ মে ২০১৩, ২৩:১৭
সাভারের রানা প্লাজা ট্রাজেডী পরবর্তী বাংলাদেশ গার্মেন্টস শিল্পের বাস্তব অবস্থা দেখতে গতকাল শনিবার সকালে ঢাকা এসেছেন যুক্তরাষ্ট্রের সিনিয়র কংগ্রেসম্যান জর্জ মিলার। বাংলাদেশে চারদিন অবস্থানকালে কংগ্রেসম্যান মিলার সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ, বেসরকারি খাত তথা বিজিএমইএ’র নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরির নিরাপত্তা ও উত্পাদন পরিস্থিতি দেখবেন। গার্মেন্টস মালিক, শ্রমিক ও ইউনিয়ন নেতৃবৃন্দর সঙ্গে কথা বলবেন। ধসে পড়া সাভারের রানা প্লাজাও পরিদর্শন করতে পারেন। রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত ও আহত শ্রমিকদের দেখতে যাবেন তিনি। গত ২৪ এপ্রিল বহুতল রানা প্লাজা ভবন ধসে পড়ার পর পাঁচটি কারখানার ১১শ ৩০ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হন প্রায় দুই হাজার শ্রমিক। ঢাকার উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি ছাড়ার আগে এক বিবৃতিতে কংগ্রেসম্যান জর্জ মিলার বলেন, ‘রানা প্লাজা ধসের ট্র্যাজিক ঘটনায় সেখানকার পরিস্থিতি স্বচক্ষে দেখতেই বাংলাদেশ যাচ্ছি। এমন মর্মান্তিক ঘটনায় বহু প্রাণ ঝরে পড়েছে। আহত হয়ে মারাত্মক অবস্থায় পড়েছে আরো অনেকে। বাংলাদেশে এই ট্র্যাজেডীর পর দ্রুত বিকাশমান এই গার্মেন্টস শিল্পে শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা পরিস্থিতি ও ট্রেড ইউনিয়ন অধিকার, ভবন নিরাপত্তা ব্যবস্থা দেখতে চাই। জিএসপি সুবিধা বহাল রাখার পূর্বশর্ত এই বিষয়গুলো গার্মেন্টস শিল্পে আছে কিনা জানতে চাই।’ ডেমোক্রেট দলীয় কংগ্রেসম্যান জর্জ মিলার শিক্ষা ও শ্রম বিষয়ক কংগ্রেস কমিটির সদস্য। এই প্রথম তিনি বাংলাদেশ সফর করছেন। গত ১৬ মে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি যুক্তরাষ্ট্র সফরকালে ওয়াশিংটন ডিসিতে কংগ্রেসম্যান মিলারের সঙ্গে সাক্ষাত্ করেন।