নির্বাচন সামনে রেখে আসছে অবৈধ অস্ত্র, হঠাত্ বাজার চড়া

আপডেট : ২৫ মে ২০১৩, ২৩:১৮
সামনের সময়ে জাতীয় সংসদ নির্বাচন আর তারও আগে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আর এসব নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র কেনার আগ্রহ বাড়ছে। সন্ত্রাসীরা সংগ্রহে নিচ্ছে এসব অবৈধ অস্ত্র। কিছু অস্ত্র যাচ্ছে রাজনীতিকদের হাতেও। আর এই সুযোগে হঠাত্ অস্ত্রের দাম কমপক্ষে দেড়গুণ বাড়িয়ে দিয়েছে অস্ত্র ব্যবসায়ীরা। গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হওয়া ৭ অস্ত্র ব্যবসায়ী যে তথ্য দিয়েছে, তাতে সর্বশেষ চালানে তারা ২২টি অবৈধ ক্ষুদ্রাস্ত্র দেশে এনেছে। চাঁপাইনবাবগঞ্জের একটি সীমান্ত থেকে এই অস্ত্র তারা এনেছে একটি ফলের ট্রাকে করে। এই ২২টি অস্ত্রের মধ্যে ১২টি অস্ত্রই তারা বিক্রি করেছে রাজনৈতিক দলের নেতা ও ক্যাডারদের কাছে। ২টি অস্ত্র কিনেছে ‘ছিঁচকে’ সন্ত্রাসী আর ২টি অস্ত্র নিয়েছে পেশাদার সন্ত্রাসীরা। বাকি ৬টি অস্ত্রসহ তারা গ্রেফতার হয়েছে। এছাড়া জানুয়ারি থেকে গত প্রায় ৫ মাসে এই চক্রটি ৪৮টি অবৈধ অস্ত্র ঢুকিয়েছে দেশে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন ইত্তেফাককে বলেন, জিজ্ঞাসাবাদে অস্ত্র ব্যবসায়ীরা স্বীকার করেছে, গত কয়েক মাসে অস্ত্রের দাম অন্তত দেড়গুণ বাড়িয়ে দেয়া হয়েছে। এছাড়া অস্ত্র ক্রেতা ১২ জন রাজনীতিকের মধ্যে দুইজনের বাসায় অভিযান চালানো হয়েছিল। কিন্তু তাদের বাসায় পাওয়া যায়নি, উদ্ধারও করা যায়নি তাদের হেফাজতে থাকা অবৈধ অস্ত্র। শুক্রবার রাতেই এই অভিযান চালানো হয়। অন্য রাজনীতিকদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে। শিগগিরই অন্যদের বাসাতেও অভিযান চালানো হবে। তিনি বলেন, এসব রাজনীতিকের মধ্যে ছাত্রনেতাও রয়েছেন। তারা এখন ঢা ঢাকা দিয়েছেন। গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তারা জানান, রাজনৈতিক অস্থিরতার কারণে অস্ত্রের দামও বাড়িয়ে দিয়েছে অস্ত্র ব্যবসায়ীরা। গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী মোবারক হোসেন মাসুদ গোয়েন্দা পুলিশের কাছে দাবি করেছে, এখন থেকে তিন মাস আগেও ভারতীয় একটি পিস্তল পাওয়া যেত ৩০ থেকে ৩৫ হাজার টাকায়। এখন সেগুলোর কোনটির দামই ৫০ হাজার টাকার কম নয়। সর্বশেষ তারা যে অস্ত্রগুলো বিক্রি করেছে, তার সবগুলোই ৫০ হাজার টাকার বেশি দামে। এই চক্রের কাছ থেকে উদ্ধার হওয়া ৬টি অস্ত্রের মধ্যে ৫টি পিস্তল ও ১টি রিভলবার। এর ৫টি ভারতে তৈরি এবং একটি আমেরিকার। যদিও ভারতের তৈরি অস্ত্রগুলোর গায়ে ‘মেইড ইন ইটালি’ লেখা। বাংলাদেশে সরাসরি বিদেশ থেকে খুব বেশি অস্ত্র আসে না বলে দাবি মাসুদের। সে জানিয়েছে, পার্শ্ববর্তী দেশে ওই অস্ত্রগুলো আসে। সেখান থেকেই সীমান্ত পথে বাংলাদেশে আনা হয়। মোবারক হোসেন মাসুদ জানিয়েছে, সীমান্ত থেকে অস্ত্র ঢাকায় আনার জন্য কাঁচামালের ট্রাককেই বেশি প্রধান্য দেয়া হয়। এখন অবশ্য ফলের ট্রাকে করে অস্ত্র আনা হচ্ছে। তরমুজ বা লাউ কেটে অস্ত্র ভেতরে সেট করা হয়। আর রাখা হয় ট্রাকের একেবারেই নিচে। যাতে পুলিশ বা র্যাব অভিযান চালালেও এটি উদ্ধার করতে না পারে। প্রতিটি অস্ত্রের জন্য ট্রাক ড্রাইভারকে ৩ হাজার টাকা করে দিতে হয়। সব মিলিয়ে একটি অস্ত্র সীমান্তে ঢোকার পর ঢাকায় পৌঁছাতেই ৫ হাজার টাকার মত খরচ হয়। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম শুক্রবার এক ব্রিফিংয়ে বলেছেন, গ্রেফতার হওয়া ফখরুল ইসলাম অপু এক বিএনপি নেতার ছেলে। অপুর চাচা কুমিল্লা বিএনপির প্রভাবশালী একজন নেতা। অপু নিজেও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। অপু গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, শুধুমাত্র লাভজনক হওয়ার কারণেই সে এই ব্যবসায় এসেছে। ঘনিষ্ট পরিচিত লোক ছাড়া আর কারো কাছে সে অস্ত্র বিক্রি করে না। ঝুঁকিপূর্ণ হওয়ায় অস্ত্র ব্যবসায় লাভও বেশি। কিছু ছাত্রনেতার কাছে অস্ত্র ভাড়া দেয়ার কথা স্বীকার করেন অপু। প্রসঙ্গত, অস্ত্রসহ গ্রেফতার হওয়া ৭ জনের মধ্যে ফখরুল ইসলাম অপু ও সুমন হোসেন ৭ দিন, কামরুজ্জামান ৩ দিন, মোবারক হোসেন মাসুদ ও শহিদুল ইসলাম খোকন ৫ দিন ও হালিমা আক্তার লিজা ও সুচন্দা মান্না রাবেয়া ২ দিনের রিমান্ডে আছেন। গতকাল ছিল তাদের রিমান্ডের প্রথম দিন।