এজেন্ডা ঠিক করে চিঠি পাঠান, বিএনপি আলোচনায় প্রস্তুত

আপডেট : ২৫ মে ২০১৩, ২৩:১৯
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, আমাদের হতে এত সময় নেই, সরকার যদি বাধ্য করে, আন্দোলন কিভাবে করতে হয় তা বেগম খালেদা জিয়া জানেন। তিনি বলেন, আমরা আইন অমান্য করার আন্দোলনে যাবো কি না তা সরকারের পদক্ষেপের উপরই নির্ভর করবে। তারা যদি ভাবেন যে আজকের হরতালের পরই আবার বিএনপির আন্দোলন ঝিমিয়ে যাবে তাহলে তারা ভুল করবেন। নিরপেক্ষ সরকার ব্যবস্থা মানতে যে কোনো ধরনের কর্মসূচি দিতে বাধ্য হবে বিএনপি। সরকার বাধ্য করলে প্রয়োজনে স্বেচ্ছায় কারাবরণ করবে দলের নেতাকর্মীরা। গতকাল শনিবার নয়াপল্টনে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংসদে এসে যা বলার বলেন- প্রধানমন্ত্রীর এ ধরনের আহ্বানের পরিপ্রেক্ষিতে দুদু বলেন, আপনি সকালে এক কথা, বিকালে আরেক কথা না বলে চিঠি পাঠান, কি বিষয়ে আলোচনা করবেন তা নিশ্চিত করলে দুনিয়ার যে কোন জায়গায় আলোচনায় বসতে প্রস্তুত বিএনপি। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনি সরকারের এত সাফল্যের কথা বলে বেড়াচ্ছেন, মন্ত্রী পরিষদের এত সাফল্য দেখছেন তাহলে কেন দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করছেন না? আওয়ামী লীগের উদ্দেশে দুদু বলেন, কোন বিষয় আলোচনা করবেন সেটা পরিষ্কার করলে কেনো সমস্যা থাকবে না। আপনারা যদি এই মুহূর্তে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা দেন তাহলে পর দিন থেকে আর কোন কর্মসূচিতে যাবে না বিএনপি। অন্যথায় কঠোর আন্দোলনে দাবি আদায় করতে বাধ্য হবো আমরা। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, প্রফেসর আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় দুদু দৈনিক মানবকণ্ঠের সম্পাদক শাহজাহান সরদার ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত গ্রেফতারি পরোয়ানার তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানান। পাশাপাশি আমার দেশসহ অন্যান্য গণমাধ্যম থেকে বিধি নিষেধ প্রত্যাহার ও মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানিয়েছেন।