উত্তর-পূর্ব ভারতে খাদ্যশস্য ট্রানজিটের অনুমতি দেবে বাংলাদেশ

আপডেট : ২৫ মে ২০১৩, ২৩:২০
বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের খাদ্যশস্য পরিবহন করে উত্তর-পূর্ব ভারতে নেয়ার অনুমতি বাংলাদেশ দেবে বলে জানালেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার খাদ্যমন্ত্রী বানুলাল সাহা। আগরতলায় মন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে ১০ হাজার টন খাদ্যশস্য পরিবহনের অনুমতি দিয়েছে। বাংলাদেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে দীর্ঘ আলোচনার পর এই সপ্তাহে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় আদেশ জারি করে। নিরাপত্তা বিষয়ক ছাড়পত্র পাওয়ার পর খাদ্যশস্য বিশেষ করে চাল ও গম পরিবহনের অনুমতি দেয়া হয়। এক মাসের মধ্যে খাদ্যশস্য পরিবহন শুরু হতে পারে। ভারতের খাদ্য কর্পোরেশন জানিয়েছে, প্রথম পর্যায়ে ১০ হাজার টন চাল, চিনি ও গম পশ্চিমবঙ্গের হলদিয়া থেকে বাংলাদেশের আশুগঞ্জ বন্দর হয়ে ত্রিপুরায় পাঠানো হবে। ত্রিপুরার পর উত্তর-পূর্বাঞ্চলের অনান্য রাজ্যে খাদ্যশস্য পরিবহন করা হবে। খবর জিনিউজের।