গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সমস্যা সমাধানের একটি ভাল উপায় ব্যবসা। কিন্তু আমরা ব্যবসাকে ব্যবহার করি কেবল অর্থ বানানোর উদ্দেশ্যে। এতে আমাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধার হলেও সামষ্টিক স্বার্থ উদ্ধার হয় না। গত মঙ্গলবার লন্ডনে স্টক এক্সচেঞ্জ গ্রুপের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূসের বক্তব্যের ওপর ভিত্তি করে শুক্রবার ব্রিটেনের জনপ্রিয় দৈনিক দ্য গার্ডিয়ান তাদের অনলাইন সংস্করণে ‘মুহাম্মদ ইউনূস: বিজনেস ইজ এ বিউটিফুল মেকানিজম টু সলভ প্রবলেমস’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়- ড. মুহাম্মদ ইউনূস বলেন, নারীরা বাংলাদেশের সমাজকে বদলে দিয়েছেন। পোশাক শিল্প গ্রাম থেকে ৪০ লাখেরও বেশি নারীকে শহরমুখী করেছে এবং তারা স্বাধীনভাবে বসবাস করছেন। এতদিন নারীরা ঘরের বাইরে যাবে না বলে বাংলাদেশে যে প্রচলিত বিশ্বাস ছিল সেই ধারণাকেও চ্যালেঞ্জ জানিয়েছেন নারীরা। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ড. ইউনূস পোশাক শিল্পে শ্রমিকের জন্য আন্তর্জাতিক পর্যায়ে সর্বনিম্ন মজুরি নির্ধারণের কথা বলেছেন। তিনি শ্রমিকদের বেতন প্রতি ঘণ্টায় ০.৫০ ডলার বৃদ্ধিরও আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, অনেকগুলো দেয়াল আছে। কিন্তু ঘনিষ্ঠভাবে লক্ষ্য করলে দেখা যাবে দেয়ালের মাঝে অনেক ফাঁক বা ফুটো আছে। ওইসব ফাঁকের সুযোগ নেই আমরা।
ড. ইউনূস অনুষ্ঠানে আগত ধনীকদের উদ্দেশ্যে আরো বলেন, খুব ছোট পরিসরে কাজ শুরু করুন। কখনও উচ্চাভিলাষী হবেন না। ব্যর্থ হওয়ার কথা চিন্তা করে ভয় পাবেন না। কারণ যে কোন ব্যবসায়ই ভাল-মন্দের ৫০-৫০ সম্ভাবনা থাকে। অর্থ উপার্জনের বিরোধিতা করছেন না উল্লেখ করে ড. ইউনূস বলেন, অর্থ উপার্জন ও সেবা দুটি বিষয়ের দিকেই লক্ষ্য রাখতে হবে।
