সাভার রানা প্লাজা ভবন ধসে আহত দুইজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল শনিবার তারা মারা যান। এরা হলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম ( ১৮) ও আঞ্জুমারা বেগম (১৬)। এ নিয়ে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ১২৯ জনে।
ঢাকা মেডিক্যাল কলেজে দুপুরে দিকে মারা যান মোহাম্মদ আশরাফুল ইসলাম। তিনি রানা ভবনের অষ্টম তলায় নিউ ওয়েভ ফ্যাশনসের শ্রমিক ছিলেন। তিনি আয়রন ম্যানের কাজ করতেন। গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরিপুর উপজেলার ঝাউগঞ্জ।
আশরাফুলের ভাই মোহাম্মদ খোকন জানান, ভবন ধসের দিন বিকাল তিনটার দিকে আশরাফুলকে উদ্ধার করে ভর্তি করা হয়েছিল সাভারের একটি ক্লিনিকে। ঐ দিন সন্ধ্যার দিকে তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। শুক্রবার আশরাফুলের অস্ত্রোপচার হয়। এরপর পোষ্ট অপারেটিভ ওয়ার্ডে থাকা অবস্থায় গতকাল দুপুর সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়।
অপরদিকে আঞ্জুমারা বেগম মারা যান স্কয়ার হাসপাতালে। তার গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়ায়। গত ২৯ এপ্রিল তাকে রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। এরপর তাকে ভর্তি করা হয় স্কয়ার হাসপাতালে।
গত ২৪ এপ্রিল সাভারে ধসে পড়ে ৯ তলা ভবন রানা প্লাজা। অভিযানে ২০ দিনে জীবিত উদ্ধার করা হয় ২ হাজার ৪৩৮ জন। এদের মধ্যে দেড় হাজার শ্রমিক আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সা নেন।
