সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন, সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন ও সম্পাদকীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার লক্ষ্যে সম্পাদক পরিষদ (Editors' Council) নামে একটি সংগঠন গঠন করা হয়েছে।
গত সোমবার দৈনিক ইনডিপেন্ডেন্ট সম্পাদক মাহবুবুল আলমের সভাপতিত্বে ‘দি ডেইলি স্টার’ কার্যালয়ে অনুষ্ঠিত সম্পাদকদের এক সভায় সর্বসম্মতভাবে গঠিত সম্পাদক পরিষদের সভাপতি হয়েছেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, সাধারণ সম্পাদক দি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও কোষাধ্যক্ষ মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী। অচিরেই গঠনতন্ত্র প্রণয়নসহ সংগঠনটির পূর্ণাঙ্গ রূপ দেয়া হবে। সম্পাদক পরিষদের অন্যান্য সদস্য হলেন : মাহবুবুল আলম (ইনডিপেন্ডেন্ট), আনোয়ার হোসেন (ইত্তেফাক), মতিউর রহমান (প্রথম আলো), রিয়াজ উদ্দিন আহমেদ (নিউজ টুডে), এএমএম বাহাউদ্দিন (ইনকিলাব), এএইচএম মোয়াজ্জেম হোসেন (ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস), নূরুল কবির (নিউএজ), শ্যামল দত্ত (ভোরের কাগজ), ইমদাদুল হক মিলন (কালের কণ্ঠ), নঈম নিজাম (বাংলাদেশ প্রতিদিন), খন্দকার মুনীরুজ্জামান (সংবাদ), আলমগীর মহিউদ্দিন (নয়া দিগন্ত), মোস্তফা কামাল মজুমদার (নিউ নেশন), মোজাম্মেল হক (করতোয়া), এম এ মালেক (আজাদী) ও স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী (পূর্বকোণ)। - প্রেস বিজ্ঞপ্তি
