ধনবাড়িতে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপ পরা আসামি ছিনতাই

আপডেট : ২৫ মে ২০১৩, ২৩:২৫
টাঙ্গাইলের ধনবাড়ি থানা পুলিশের নিকট থেকে গতকাল শনিবার দুপুরে ক্ষমতাসীন দলের ক্যাডাররা গ্রেফতার হওয়া এবং হ্যান্ডকাপ পরা এক আসামিকে ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে ধনবাড়ি থানা পুলিশ দাঙ্গাহাঙ্গামা মামলার আসামি কেরামজানি গ্রামের আমীর হোসেনের পুত্র আলমগীর হোসেন মামুনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। পুলিশ পিকআপ ভ্যানে করে থানায় আসার সময় আলমগীরের দুই শ্যালক এবং সরকারি দলের ক্যাডার হাবিবুর রহমান হাবু ও লিয়াকত আলী দলবল নিয়ে পুলিশের উপর হামলা চালায়। তারা এক পর্যায়ে হাতকড়া পরা আলমগীরকে ছিনিয়ে নিয়ে যায়। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে এলাকায় অভিযান চালায়। এলাকাবাসী অভিযোগ করেন, পুলিশ সন্ত্রাসীদের না পেয়ে কাকনাআটা গ্রামের নিরীহ যুবক সঞ্চয়কে গ্রেফতার করে থানায় আনে। পুলিশ আসামি ছিনতাইয়ের ঘটনার সত্যতা স্বীকার করেছে।