তাহমীনা খান শৈলী, সুষ্মিত হোসেন সূর্য— যাদের কথা ভাবতে ভাবতে বাড়ি ফিরি — সজল
গত ২০ মে যে খবর দেশের মানুষের চিন্তাজগতে এক অন্যরকম নাড়া দিল তা সজল খালেদের এভারেস্ট জয় করে চূড়া থেকে নামার পথে মৃত্যু। সজল খালেদের প্রিয়তমা স্ত্রী বিশ্বাস করেন সজলের মৃত্যু খবরটা ভুল। সে ফিরে আসবে! সজলের মরদেহ উদ্ধার অভিযান শুরু হয়েছে গত ২৪ মে। আবহাওয়া অনুকূল থাকলে ৩১ মে নাগাদ সজলের মরদেহ কাঠমন্ডু পৌঁছাবে, তারপর দেশে আসবে। এই বিষয়ে সরকার সহযোগিতা করেছে। সাথে আছেন সজলের বন্ধু-বান্ধব আর স্বজনেরা। একমাত্র ছেলে আর স্ত্রীকে সবাই যেভাবে সহযোগিতা করেছেন, তারা যদি সেভাবেই পাশে থাকবেন। তাহলেই সজল শান্তি পাবে, ফিরে ফিরে আসবে এই শোকতপ্ত পরিবারের কাছে। সজলকে নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদনটি লিখেছেন— রাবেয়া বেবী
সুষ্মিতের বাবা কোথায়
সজল আর ছোট্ট সুষ্মিতের গল্প বলে শেষ করা যাবে না বলে জানান স্বজনেরা। বাবা-ছেলের মধ্যে ছিল নিবিড় সম্পর্ক। সজল ছেলে সুষ্মিতকে নিয়ে থাকতে বেশি ভালোবাসতো। মাঝে মাঝে বাবা-ছেলের আড্ডায় শৈলীর উপস্থিতি তৃতীয় পক্ষের মতো লাগতো। সজল সকালে ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে দাঁত ব্রাশ করতেন। একাধিক ব্রাশ ছিলো তাদের। তারপর চলতো ব্যায়াম করা। এখন সুষ্মিতকে ব্যায়াম করতে বললে সে বাবার মতো ব্যায়াম করে দেখায়। কিভাবে পাহাড়ে উঠতে হয় তাও শিখে ফেলেছে ছোট্ট সুষ্মিত। বিশেষ এক ভঙ্গিতে সুষ্মিতকে খাওয়াতো সজল। খাবার ক্রিকেট বলের মতো করে ছুঁড়ে দিতো ছেলের মুখে। ছেলেকে ক্যাচ ক্যাচ বললেই সে তা লুফে নিত। এই ছেলের মুখের গড়নটাও হয়েছে বাবার মতো। আগামী ৭ আগস্ট সুষ্মিতের বয়স দুই বছর পূর্ণ হবে। নিয়তির কি নির্মম পরিহাস; এই ছেলে বাবা কি তা বুঝতেই পারলো না! অথচ বাবার বহুমাত্রিক গুণে সমৃদ্ধ হওয়ার কথা ছিল সুষ্মিতের।
অভিযাত্রী সজল
বেশ কয়েক বছর ধরেই সজল খালেদ এভারেস্ট চূড়া বিজয়ের জন্য চেষ্টা অব্যাহত রেখেছিলেন। সজল এ বছর দ্বিতীয়বারের মতো এভারেস্ট অভিযানে বের হন। এর আগে ২০১১ সালে সজল যখন প্রথমবারের মতো এভারেস্ট অভিযানে যান তখন তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। অসুস্থতার কারণে সে বছর সজল অভিযান শেষ না করে দেশে ফিরে আসেন। ২০০৫ সালে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবে যোগ দেন। সেই থেকেই ট্রেকিং করে যাচ্ছেন। এ যাবত্ তিনি বেশ কিছু অভিযান করেন এবং ৬ হাজার মিটারের অধিক উচ্চতার মেরা ও সিঙ্গুচুলি এবং ৫ হাজার মিটারের অধিক উচ্চতার নেপাল-বাংলাদেশ মৈত্রী শিখর জয় করেন। মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে জন্ম সজলের। বাবা আবদুল আজিজ এবং মা মৃত সখিনা বেগম। ২ বোন চার ভাইয়ের মধ্যে সজল সবার ছোট।
চলচ্চিত্র নির্মাতা সজল
মুন্সীগঞ্জের ছেলে সজল। ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরে তিনি জার্মানির কোলন বিশ্ববিদ্যালয় থেকে মিডিয়া টেকনোলজিতে পড়াশুনা করেন। জার্মানিতেই তিনি ট্রেকিংসহ অন্যান্য এ্যাডভেঞ্চারের সাথে জড়িয়ে পড়েন। দুঃসাহসী এই পর্বতারোহী ছিলেন একজন চলচ্চিত্র নির্মাতাও। অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল রচিত উপন্যাস অবলম্বনে ‘কাজলের দিনরাত্রি’ নামে সরকারি অনুদানপ্রাপ্ত একটি চলচ্চিত্র পরিচালনা করেছেন এই তরুণ নির্মাতা। শিল্পকলা একাডেমীতে এই চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠানে ব্যাপক দর্শক প্রশংসা অর্জন করে। তাছাড়াও তিনি বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ডকুমেন্টারি নির্মাণ করেন। সজল খালেদের পর্বতারোহণের উপর লেখা এডমান্ড ভিস্টার্স-এর বই অনুবাদ করে প্রশংসা কুড়িয়েছেন। বইয়ের উত্সর্গ বাণীতে সজল লিখেছিলেন, তাহমীনা খান শৈলী, সুষ্মিত হোসেন সূর্য; যাদের কথা ভাবতে ভাবতে বাড়ি ফিরি। এম আজিজ, মরহুমা সখিনা বেগম বাবা-মায়ের জন্য অকৃত্রিম ভালোবাসা।
স্ত্রীর সাথে শেষ কথা
খরটা শুনে প্রথমে শৈলী একেবারেই বিশ্বাস করেননি। প্রলাপ বকতে থাকেন— স্বামী বলেছেন এভারেস্ট জয়ের খবর সবার আগে সে শৈলীকেই দেবে। তাই নিশ্চিত সংবাদ জানতে চলে যান সজলের এক বন্ধুর বাড়িতে। বারবার করে বলছিলেন ঠিক খবরটা আমাকে জানান না! আমাকে একবার সজলের সাথে কথা বলার ব্যবস্থা করে দেন। শৈলী জানেন না সজলের সাথে আর কথা বলার কোন ব্যবস্থা নেই। শেষ কথা হয়, ‘এবার সে এভারেস্ট জয় করবেই’। আর যেভাবে শৈলী তাকে নেপালে রেখে এসেছিলেন সেভাবেই নেপাল গিয়েই স্বামীকে নিয়ে আসবেন তিনি। শৈলী সজলের সাথে ১০ এপ্রিল নেপাল গিয়ে ১৯ এপ্রিল পর্যন্ত স্বামীর সাথে ছিলেন। শৈলী বলেন, কথা ছিল স্বামী তাকে পাহাড় চেনাবেন। ২০০৯ সালের অক্টোবর মাসে ভালোবেসে সজল-শৈলী ঘর বাঁধেন। তাদের সংসারে ২০১১ সালের ৭ আগস্ট জন্ম নেয় একমাত্র আদরের ছেলে সুষ্মিত। সজল কথা রেখেছেন। এভারেস্ট জয়ও করেছেন। তবে এবার স্ত্রী-ছেলে-বাবা-মায়ের কথা ভাবতে ভাবতে বাড়ি ফেরা হলো না। ফিরতে হলো পরপারের বাসিন্দা হয়ে!
নতুন কাপড় পরা হলো না সজলের
প্রত্যেকবার অভিযান শেষ করে কাঠমন্ডু ফিরে সজল স্ত্রীকে ফোনে বলেন, সব কাপড় ময়লা হয়ে গেছে। ধোয়া কাপড় নিয়ে এসো। এবার শৈলী স্বামীর জন্য ধোয়া কাপড় নয়, কিছু নতুন টি-শার্ট কিনেছেন। সেগুলো আর সজলের পরা হল না।
বীরের মতো মৃত্যুকে বরণ করেছেন
সাদিয়া সুলতানা শম্পা, পর্বতারোহী
বাংলা মাউনটেনিয়ারিং এন্ড ট্রেকিক্লাব (বিএমটিসি)
আমার অবিশ্বাস্য ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম। এখনও বিশ্বাস করতে পারছি না সজল ভাই নেই। সজল ভাইয়ের সাথে পরিচয় ভ্রমণ বাংলাদেশের পাঠচক্রে। সেটা ২০০২ সালের কথা। সজল ভাইকে কাছ থেকে দেখার প্রথম সুযোগ হয় ২০০৬ সালে। সে বছর আমরা পাঁচজন নারীর একটি টিম নিয়ে এভারেস্ট বেস ক্যাম্পে যাচ্ছিলাম। আমরা সেই অভিযানে যাওয়ার জন্য নিয়মিতভাবে শরীরচর্চা করতাম। একদিন পার্কেই সজল ভাই আমাদের শরীরচর্চার দায়িত্ব নিজেই নেন। উনি অনেকদিন পর্যন্ত আমাদের ট্রেনারের দায়িত্ব পালন করেন। ২০১০ সালের সেপ্টেম্বর-অক্টোবর সিজনে আমদের একটি দল নেপাল-বাংলাদেশ মৈত্রী শিখর জয় করে। সেই দলে সজল ভাইয়ের সাথে আমিও ছিলাম। উনি অনেক হাসিখুশি একজন মানুষ ছিলেন। অনেক জানাশুনা ছিলো তার। সহজভাবে গ্রহণ করার অন্যরকম একটা ক্ষমতা ছিল তার। মানুষকে সহযোগিতা করার সময় বন্ধুর মতো করে মিশতেন। ভাবতে পারছি না এই মানুষটার সাথে কোন আড্ডা, সমাবেশ আর মিটিংয়ে দেখা হবে না! যিনি বীরের মতো মৃত্যুকে বরণ করেছেন।
সজল আমাকে মায়ের মতো দেখতো
—কাওসার শিরিন, শাশুড়ী
এবার মা দিবসে সজল এভারেস্ট অভিযানে ছিলো, সেখান থেকে আমাকে ফোন করে শুভেচ্ছা জানায়। ওর মা ছিলো না, আমার মেয়ে শৈলীর সাথে ওর বিয়ে হওয়ার পর থেকে দেখেছি ও আমাকে মায়ের মতো ভালোবাসে। শৈলী আমার মেয়ে আর ও ছিল আমার ছেলে। এবার অভিযানে যাওয়ার সময় আমাকেও নিয়ে যায়। আমি যাবই না। পাসপোর্ট হাতে পাইনি। ও যাওয়ার দিন মোটর সাইকেলে গিয়ে পাসপোর্ট নিয়ে আসে। আমাকে ঘুরে ঘুরে নেপাল দেখায়। তারপর বলে, চলেন মা পোখরা যাই। মেয়ের বাসা আমার বাসার কাছেই। ওরা বেড়াতে যাওয়ার সময় সুস্মিতকে আমার কাছে দিয়ে যেতো। আমার মেয়েটা যদি কখনো বলতে ইতস্তত করতো সজল ফোন করে বলতো- মা সুস্মিতকে একটু রেখে যাবো আপনার কছে। আমি বলতাম- রেখে যাও। ও যখন ফোন করতো আমি একগ্লাস সরবত বানিয়ে রাখতাম, সিঁড়ি বেয়ে উঠে সরবতটা খেলে তৃপ্তি লাগতো আমার। ছেলেটা আমার চলে গেল না ফেরার দেশে। আমার মেয়েটার এখন কী হবে? এই বয়সে অনেকের বিয়েই হয় না। শৈলী আজও বিশ্বাস করে খবরটা সত্যি না। তাই যেন হয়। আল্লাহ যেন সজলকে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন! সজল যেবার বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশীপ পিক জয় করলো, সেবার শৈলী বলেছিল- তার সন্তানদেরকেও সজলের মতো পর্বতারোহী বানাবে। যে পাহাড় সজলকে সুস্মিতের কাছ থেকে অসীম দূরত্বে নিয়ে গেল সেই পাহাড়ে কী সুস্মিত যাবে?
সজল আমার স্বপ্নকে
বাস্তবে রূপ দেয়
শৈলী, সজলের স্ত্রী
২০১০ সালে বাংলাদেশের একটি পর্বতারোহী দল নেপাল-বাংলাদেশ মৈত্রী শিখর জয় করে। আর সে বছরই সজল-শৈলীর বিয়ের এক বছর পূর্ণ হয়। বিবাহ বার্ষিকীতে সজল পাহাড়ে ছিলেন। শিখর জয়ের পর শৈলী বলেন, সজল তার সবকিছুকে এত গুরুত্ব দেয় যে, নিজেকে রাজকন্যা মনে হয়। বিবাহ বার্ষিকীতে তিনি ফোন করে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন। কিন্তু স্বামীর শূন্যতা তাতে পূরণ না হলেও স্বামীর পাহাড়প্রীতিকে গুরুত্ব দেন শৈলী। তাই তো শৈলী যখন সন্তানসম্ভবা ছিলেন তখনও সজল তাকে রেখে পাহাড়ে যেতে পেরেছেন। সেইবারও সজলকে নিয়ে নানারকম দুঃসংবাদ পেয়েছেন শৈলী। তবে শেষ পর্যন্ত সজল ফিরেও এসেছে। সজল সব সময় কথা রাখে। তাই এবারও শৈলীর বিশ্বাস—সজল ফিরে আসবে! সামিটের খবর সেই শৈলীকে আগে দেবে। কেন দিল না! বিয়ের পর থেকে সব সুসংবাদ আগে আসে শৈলীর কাছে। এবার কেন এলো না! এমন অনেক প্রশ্ন আর কান্না নিয়ে শৈলী অপেক্ষা করছেন সজলের জন্য।
এমন মৃত্যু কি মানা যায়?
নিশাত মজুমদার
প্রথম এভারেস্ট জয়ী বাংলাদেশি নারী
অফিসে কাজ করছিলাম। টিভিতে স্ক্রলে নাকি এভারেস্ট জয় করে বাংলাদেশি মোহাম্মদ হোসেনের মৃত্যুর খবর প্রচার হচ্ছে। কয়েকজন আমাকে ফোন করে জানাল। আমি সজল ভাইয়ের পাসপোর্টের নাম জানতাম। নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। ইনাম ভাইকে ফোন করলাম। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে খবরটা পেয়েছেন বলে জানান আমাকে। আমাদের সজল ভাইয়ের স্ত্রী শৈলীর সাথে থাকার জন্য বলেন। তার কাছে যেতে যেতে সজল ভাইয়ের মুখটাই চোখে ভেসে উঠছিল বারবার। সজল ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয় হয় ২০০৬ সালে। আমি নারী টিমের সাথে সেবার এভারেস্ট বেস ক্যাম্পে যাচ্ছিলাম। ভাইয়া নিজেই আমাদের ট্রেনারের দায়িত্বটা নেন এবং ৬ মাস ট্রেনিং দেন। তারপর থেকে সজল ভাই অনেক বছর আমার প্রশিক্ষক ছিলেন। মেরাপিক, সিঙ্গু চুলি, প্রভৃতি অভিযানে সজল ভাই আমাদের সাথে ছিলেন। সজল ভাই অনেক সহজ চিন্তা-ভাবনা করতেন। বহুমাত্রিক মানুষ ছিলেন তিনি। মানুষের মজার চরিত্রগুলো খুব সুন্দর করে নকল করে আমাদেরকে মজা দিতেন তিনি। শৈলীর পাশে যখন গেলাম তখন শৈলীও খবরটা জেনেছে। তবে মেনে নেয়নি এক মুহূর্তের জন্যও। এমন মৃত্যু কি মানা যায়?
