আসন্ন বাজেটকে ঘিরে সকল নাগরিকের মনেই রয়েছে নানা জল্পনা-কল্পনা। এক জায়গায় আটকে আছে দেশ। রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশে বাস্তবসম্মত এমন এক বাজেটের পরিকল্পনা করতে হবে যার সম্পূর্ণটা বর্তমান সরকার হয়তো বাস্তবায়ন করবেন না। কিন্তু বাজেট তো কোন সরকারের না, দেশের। তাই সার্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে, সকল সমস্যাকে দৃষ্টিতে রেখে এবারে নারী উন্নয়নে বাজেটে কী পরিমাণ বরাদ্দ রাখা উচিত, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য খাতে ২০১২-১৩ বাজেটে নারীদের যে অংশ রয়েছে এর কতটুকু বাস্তবায়ন হয়েছে ও তার পরিপ্রেক্ষিতে এ দেশের নারী সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এ বছর কোন কোন খাতের ওপর গুরুত্ব আরোপ করে নতুন বাজেট করা প্রয়োজন তা জানতে আলোচনা হচ্ছিল বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন আর্থিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ সুরাইয়া জান্নাত ও বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সঙ্গীতা আহমেদের সাথে
সুরাইয়া জান্নাত খান
যে কোন বাজেটের ক্ষেত্রে আমাদের একটি প্রচলিত ধারণা, যে বছর যত বড় অঙ্কের বাজেট দেয়া হয়, সে বছর বাজেট তত ভাল। আমাদের বাজেট ব্যবস্থাটি সম্পূর্ণ সংখ্যা নির্ভর। কিন্তু সেটির বাস্তবায়ন নিয়ে খুব বেশি চিন্তাভাবনা লক্ষ্য করা যায় না। শিক্ষা ক্ষেত্রে নারীদের জন্য যে বাজেট, তার বড় অংশই নতুন স্কুল খোলার জন্য, কিন্তু নারীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য ততটা নয়। বহু মহিলা স্কুল-কলেজ পড়ে রয়েছে যেখানে সকল বিষয়ের উপযুক্ত শিক্ষক নেই ও তা নিয়ে বাজেটে বিশেষ কোন চিন্তা-ভাবনা নেই। বাজেটে বিভিন্ন শাখায় নারীদের জন্য যা বরাদ্দ করা হয়, তার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে বাজেট বাস্তবায়নে পেশাদারদের যুক্ত করা যেতে পারে। দীর্ঘসূত্রিতা বাজেট বাস্তবায়নের পথে বেশ বড় বাধা। বহু পরিকল্পনা পড়ে রয়েছে নানা অফিসে কিন্তু তা বাস্তব রূপ পাচ্ছে না। স্বাস্থ্য, শিক্ষা, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী প্রভৃতি খাতে আলাদাভাবে নারীদের জন্য বরাদ্দ থাকলেও তার কতটুকু বাস্তবায়িত হল তার পূর্ণ চিত্র আমরা পাই না। পৃথিবীর সব দেশে নারী-পুরুষ বৈষম্য দূর করতে জেন্ডার বাজেটিং এর ব্যবস্থা রয়েছে। জেন্ডার বাজেটিং বলতে শুধুমাত্র নারীদের জন্য বাজেট- এমন এক চিত্র আমাদের চোখে ভেসে ওঠে। কিন্তু জেন্ডার বাজেটিংয়ে হিসাব করা হয়, বাজেটের কোন খাতে নারী-পুরুষে কোন বৈষম্য করা হচ্ছে কি-না? সব ক্ষেত্রে নারীদের প্রাপ্য সুবিধা দেয়া হচ্ছে কি-না, তা নিয়ে জবাবদিহি করতে হয় এই শাখায়। তাই আমাদের দেশেও জেন্ডার বাজেটিং গড়ে তোলা খুব জরুরি হয়ে পড়েছে। দারিদ্র্যতা কমানো ও নারীদের স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে নারী ক্ষুদ্র উদ্যোক্তার জন্য আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা আমরা আশা করতে পারি। নারীদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টিকে রাজনৈতিক বিবেচনার বাইরে রাখতে হবে। পৃথিবীর সব দেশে মানুষ বসে থাকে নতুন বাজেটের জন্য। তাতে তার করের পরিমাণ বাড়বে না কমবে এসবই তাদের মনে খেলা করে। কিন্তু আমাদের দেশে বহু মানুষ সে বিষয়ে অজ্ঞ। বাজেটের সঠিক বাস্তবায়নে শুধুমাত্র সঠিক জ্ঞানের অভাবে নারী যেন তার প্রাপ্য থেকে বঞ্চিত না হয়, সে ব্যাপারে আমাদের সচেষ্ট থাকতে হবে। নতুন বাজেট হবে তিন সরকার আমলের। বর্তমান পরিস্থিতি সাপেক্ষে একটি বাস্তবসম্মত বাজেটই আমাদের প্রত্যাশা।
সঙ্গীতা আহমেদ
এর আগের বছরগুলোর তুলনায় গত বছরের বাজেট ছিল যথেষ্ট নারীবান্ধব। তবে সঠিক তথ্য, পরিসংখ্যানের অভাবে এর যথাযথ প্রয়োগ সম্পর্কে এখনও আমরা অবগত নই। নারীদের জীবনের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে তাদের জন্য নানা আইন করা হয়েছে। সহিংসতা ও যৌতুক রোধে নতুন নতুন বেশ কিছু আইন করা হয়েছে কিন্তু আইনের আশ্রয় নিতে গিয়ে একজন নারীকে যে ধরনের বৈষম্যের শিকার হতে হচ্ছে তা অবর্ণনীয়। সেজন্য নারীরা অনেক ক্ষেত্রে হয়রানি ও বঞ্চনা সহ্য করে যাচ্ছে। এসব আইনের যথাযথ প্রয়োগ আর হতে পারছে না। গ্রামের অনেক নারী এখনও এসব আইন সম্পর্কে অবগত নয়। এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে নারীদের যেতে হয় বিভাগীয় কোর্টে। যাওয়া-আসার পথে নেই তাদের কোন নিরাপত্তা। বহু নারীর এসব আইন সম্পর্কে নেই সঠিক ধারণা। তাই এসব আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে, নারীদের জীবনের সঠিক নিশ্চয়তা দিতে, এসিড সহিংসতা রোধে আইন তাদের দোড়গোড়ায় এনে দিতে হবে। ঘরে ঘরে সব নারীকে এই আইনগুলো সম্পর্কে অবগত হতে হবে এবং যাতায়াতে নিরাপত্তা দিতে হবে। তাই যাতায়াতে নিরাপত্তা প্রদান, সকল আইনের ব্যাপক প্রচার প্রভৃতিও নতুন বাজেটের আওতায় আনতে হবে। তবেই আমরা ফলস্বরূপ নারীদের জন্য এক নিরাপদ দেশ গড়তে পারব। নারী উদ্যোক্তা বৃদ্ধির লক্ষ্যে নানা ফ্যাশন হাউস, ফুড সেন্টার গড়ে তুলতে তাদের সহযোগিতা করতে হবে। বর্তমানে ঘরে বসে ফ্রিল্যান্সিং-এর মধ্য দিয়ে অনেক আয় করা সম্ভব। তাই নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে তাদের জন্য নানা আইটি ট্রেনিং সেন্টার গড়ে তোলা যেতে পারে। এসব ট্রেনিং সেন্টার গ্রামে গ্রামে গড়ে তুলতে হবে। যা এদেশের নারীদের জীবনচিত্র পাল্টিয়ে দিতে সাহায্য করবে।
সামিহা সুলতানা অনন্যা
