ইউরোপে বাঙালি অভিবাসীদের সংখ্যাটা বেশি। কিন্তু ব্রিটেনের বাইরে রাজনীতি কিংবা নেতৃত্বে বাঙালিদের অবস্থান নেই বললেই চলে। আর ইতালিতে আজ পর্যন্ত কোনো বাঙালি জনপ্রতিনিধি নেই। এবার ইতালির রাজধানী রোমে আসন্ন ২০১৩ সালের মিউনিসিপ্যাল নির্বাচনে কমিউনিস্ট দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি সীমা দাস চৌধুরী। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নারী ইতালির কোনো নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। রোমের তরপিনাত্তারার পিসিআই হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ফ্রানসেস্কো আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থী হিসেবে সীমা দাস চৌধুরীর নাম ঘোষণা করেন। আর সাথে সাথে রচিত হয় আমাদের দেশের জন্য এক মাইলফলক। আগামী ২৬-২৭ মে অনুষ্ঠেয় মিউনিসিপ্যাল নির্বাচনে রোমের পুরাতন ৬ ও ৭নং ওয়ার্ড মিলিয়ে বর্তমান ৫নং ওয়ার্ড থেকে নির্বাচনে অংশ নেবেন সীমা। সংবাদ সম্মেলনে সীমা দাস চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, ‘জয়ী বা বিজয়ী যা-ই হই না কেন, আমি অবশ্যই প্রবাসীদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাবো।’ তিনি আরও জানান, ইমিগ্রেশন সংক্রান্ত অধিকার, শিশুদের জন্মগত নাগরিক অধিকার, বাসস্থানসহ যে কোনো অধিকার আদায়ের জন্য সচেষ্ট থাকবেন। আসন্ন এই নির্বাচনে ৫নং কমুনে ছাড়াও কমুনে দি রোমায় বসবাসকারী ইতালিয়ান এবং পাসপোর্টধারী প্রবাসীরা শুধু ভোট দিতে পারবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত আরও দুই প্রার্থী সীমা দাস চৌধুরীকে সমর্থন জানান এবং তাকে ভোট দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করেন।
