ওয়াশিংটন ডিসিতে জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে গত বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা ইস্যুতে দিক-নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ ও নীতিগত স্পষ্ট বক্তব্য রাখলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন কর্মসূূচি ও গুয়ান্তানামো বে কারাগার ইস্যুতে গোপনীয়তার আচ্ছাদন থেকে বেরিয়ে আসায় সাবেক এই আইন অধ্যাপকের কৌশলী ও মাধুর্যপূর্ণ বক্তব্যকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, পাকিস্তান ও আফগানিস্তানসহ অনেকে। প্রেসিডেন্ট ওবামার ওই ভাষণে এ দুই ইস্যুতে ডেমোক্র্যাট সরকারের অবস্থান পরিষ্কার হয়েছে।
প্রেসিডেন্ট বারাক ওবামার ভাষণের সবচে আলোচিত দিক হলো যুক্তরাষ্ট্রের ড্রোন কর্মসূচি। জঙ্গিবাদ থেকে আত্মরক্ষার স্বার্থে ড্রোন হামলার পক্ষে তিনি। আমেরিকার নিরাপত্তার কথা বলে বহুদিন ধরেই এই কর্মসূচির উন্নয়ন চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। ২০০৯ থেকে এ পর্যন্ত ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের চার নাগরিক মারা গেছে বলেও গত বুধবার জানায় ওয়াশিংটন। তবে আত্মপক্ষ সমর্থন করে প্রেসিডেন্ট ওবামা বলেছেন, ‘আমরা যুদ্ধের ভেতরে আছি, যেখানে একটি গোষ্ঠী যতজন পেরেছে আমেরিকানদের হত্যা করেছে। শুরুতে আমরা তাদের রুখতে পারিনি। তবে এখন এই যুদ্ধ চলছে সমানে সমানে। আমরা আত্মরক্ষার আশ্রয় নিয়েছি।’ তিনি দাবি করেন, এ লড়াই যে নতুন এক স্তরে প্রবেশ করেছে, সেখানে আমেরিকার আত্মরক্ষার বৈধতা নিয়ে বিতর্ক এখনো শেষ হয়নি। ওবামা বলেন, ‘যুক্তরাষ্ট্রের কোন নাগরিক যখন দেশের বাইরে গিয়ে নিজ দেশের বিরুদ্ধে লড়াইয়ে নামে, ধরা-ছোঁয়ার বাইরে থেকে আমেরিকানদেরই হত্যার পরিকল্পনা করে, তখন তার ঐ নাগরিকত্ব হত্যা পরিকল্পনা থেকে নিরীহ বেসামরিক মানুষকে বাঁচাতে পারে না।’ তবে বহুদিন ধরেই ড্রোন হামলার বর্বরতার শিকার আফগানিস্তান ও পাকিস্তান যে কারণে প্রেসিডেন্ট ওবামার বক্তব্যকে স্বাগত জানিয়েছে, তা হলো, তার অঙ্গীকার। তিনি বলেছেন, প্রায় সুনির্দিষ্টভাবে চালানো ড্রোন হামলায় বেসামরিক লোক আর মারা পড়বে না। প্রেসিডেন্ট ওবামা জানান, আফগানিস্তানের ‘ওয়ার জোন’ ছাড়া অন্য কোন স্থানে ড্রোন হামলা চালানোর ব্যাপারে অধিক সতর্কতা অবলম্বন ও পর্যবেক্ষণ করার পক্ষপাতি তার প্রশাসন।
২০০৪ সাল থেকে পাকিস্তানে অন্তত ২৬৮টি ড্রোন হামলা রেকর্ড করেছে ব্যুর অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম। আর ইয়েমেনে ২০০২ সাল থেকে প্রায় ৬০টি হামলার অভিযোগ বা প্রমাণ পাওয়া গেছে। এসব হামলার অধিকাংশই হয়েছে প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে। চালকবিহীন বোমারু বিমান বা গোয়েন্দা বিমান-ড্রোনের এই মানব হত্যার ব্যাপক সমালোচনায় মুখর মানবাধিকার সংগঠনগুলো।
ওবামা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ড্রোন হামলা, বিশেষ বাহিনীর অভিযান বা সৈন্য মোতায়েন যেভাবেই হোক না কেন, সন্ত্রাসের বিরুদ্ধে নিরন্তর যুদ্ধের মানে হলো আত্মপরাজয়। ড্রোন হামলা নিয়ে প্রেসিডেন্ট ওবামার বক্তব্যকে আফগানিস্তান বা পাকিস্তান মন্দের ভালো হিসেবে দেখলেও নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয়তে বলা হয়, ‘মিস্টার ওবামা ড্রোন হামলায় বেসামরিক মানুষের প্রাণহানির হিসাব দিয়ে তার ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে কিছু বলবেন বলে আমাদের প্রত্যাশা ছিলো। কিস্তু তিনি তা করেননি, যা তার করা উচিত।’
তবে ২০০১ সালের পর সন্ত্রাসবিরোধী ইস্যুতে ওমাবার ভাষণকে সবচে গুরুত্বপূর্ণ বিবৃতি বলে বর্ণনা করেছে নিউইয়র্ক টাইমস। গত মার্চে জাতিসংঘের সন্ত্রাসবিরোধী ও মানবাধিকার বিষয়ক বিশেষ কর্মকর্তা বেন এমারসন পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলাকে ঐ দেশের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে সমালোচনা করেছিলেন। এবার তিনিও ওবামার বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেন, আল-কায়েদা ও এর সমর্থিতদের বিরুদ্ধে মার্কিন লড়াই শেষ হতে যাচ্ছে, এমন ইঙ্গিত পাওয়া গেছে।
প্রেসিডেন্ট ওবামার ভাষণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বহুনিন্দিত গুয়ান্তানামো বে বন্দীশালা বন্ধের পুনর্ব্যক্ত প্রতিশ্রুতি। তিনি জানিয়েছেন, ইয়েমেনের কাছে বন্দী হস্তান্তরের আইনগত বাধা তিনি তুলে নিয়েছেন। বন্দী হস্তান্তরে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে মধ্যস্থতা করতে প্রতিরক্ষা ও স্টেট ডিপার্টমেন্ট থেকে বেশ কয়েকজন প্রতিনিধি নিয়োগ দেয়া হচ্ছে। তবে পাঁচ বছর আগের এই অঙ্গীকার এখন পর্যন্ত কেন বাস্তবায়িত হলো না— এর ব্যাখ্যা দেননি ওবামা। এমনকি ঐ কারাগারে বন্দীদের সাম্প্রতিক আমরণ অনশন নিয়েও কিছু না বলায় ঐ মিলনায়তনে সৃষ্টি হয় এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির। এক নারীর বিক্ষুব্ধ চিত্কার প্রেসিডেন্টের ভাষণে বিঘ্ন ঘটায়। তবে এতে বিব্রত না হয়ে বারাক ওবামা বরং তার কথা প্রায় স্বীকার করে নিয়েই বলেন, আইনের শাসনকে তোয়াক্কা না করার আমেরিকার এমন এক দৃষ্টান্তের প্রতীক হয়ে দাঁড়িয়েছে গুয়ান্তানামো বে।
বন্দী হস্তান্তরে ওবামার নতুন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে ইয়েমেন সরকার। তবে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় রিপাবলিকান সিনেটর স্যাক্সবি ক্যামব্লিস সাংবাদিকদের জানান, ইয়েমেনে বন্দী হস্তান্তরের আইনী বাধ্যবাধকতা প্রত্যাহার ওবামা প্রশাসনের ভুল সিদ্ধান্ত। কারণ এ ব্যাপারে ইয়েমেন সরকারকে মোটেই বিশ্বাস করা যায় না। বিরোধী দল রিপাবলিকান পার্টির অন্য নেতারা ওবামার ভাষণকে ব্যাখ্যা করেছেন সন্ত্রাসীদের বিজয় হিসেবে। মিশ্র প্রতিক্রিয়ায় ওয়াশিংটন পোস্ট বলেছে, ওবামা সাংবিধানিক আইন বিষয়ক সাবেক অধ্যাপকের মতোই বক্তব্য রেখেছেন। আগের মতোই তিনি জাতি ও তার নিরাপত্তার চ্যালেঞ্জকে দেখছেন আরো ধূসর আবরণে। বিবিসি জানায়, ‘সিআইএ’র ড্রোন হামলা ক্রমবর্ধমান অজনপ্রিয় কর্মসূচি। প্রেসিডেন্ট ওবামা টার্গেটেড কিলিংয়ের বিষয়কে অন্তরাল থেকে বাইরে টেনে এনেছেন। তবে তা খুবই সামান্য।’ খোদ সিএনএনের সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক গ্লোরিয়া বর্গার তার প্রতিক্রিয়ায় বলেন, ‘ড্রোন ব্যবহার সমর্থন করেন প্রেসিডেন্ট ওবামা। সেই সাথে তিনি এও স্বীকার করে নিয়েছেন যে, একজন প্রেসিডেন্টও ড্রোনকে অতিরঞ্জিত ব্যবহার করতে পারেন। জাতীয় নিরাপত্তায় ড্রোনের উপর এমন নির্ভরশীলতা বাঞ্ছনীয় নয়।’
তবে ড্রোন কর্মসূচির ইস্যুতে ওবামার বক্তব্যকে প্রেসিডেন্টের তরফ থেকে নীতি-নির্ধারণী নির্দেশনা হিসেবে দেখছে হোয়াইট হাউস। ড্রোন নিয়ে মানুষের সন্দেহ- সংশয় দূর করতে পরে সংবাদ মাধ্যমে হোয়াইট হাউজের ‘নতুন কৌশল’ প্রকাশ করা হয়। এতে বলা হয়, ওয়াশিংটন সন্দেহভাজন সন্ত্রাসীদের আটক করারই পক্ষপাতি। তবে অব্যাহত হুমকি ও অত্যাসন্ন বিপদের ক্ষেত্রে ড্রোন ব্যবহার সুনিশ্চিত। সিআইএ নিয়ন্ত্রিত ড্রোন কর্মসূচিতে আরো নিয়ন্ত্রণ আরোপ করবে মার্কিন সেনাবাহিনী। তবে শুধুমাত্র পাকিস্তানে ড্রোন হামলার ক্ষেত্রে এই কর্মসূচির নিয়ন্ত্রণ বহাল রাখবে সিআইএ।
