কে হচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

আপডেট : ২৬ মে ২০১৩, ২১:১০
আগামী ১৪ জুন ইরানের ১১তম প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। দেশটির সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ ‘গার্ডিয়ান কাউন্সিল’ ৬৮৬ জনের মধ্যে মোট ৮ জনের প্রার্থিতা চূড়ান্ত বলে ঘোষণা দিয়েছে। নির্বাচনী দৌড়ে জয়-পরাজয় যা-ই থাকুক না কেন সবারই কৌতূহলী চোখ এখন ইরানের দিকে। কে হচ্ছেন আহমাদিনেজাদ পরবর্তী প্রেসিডেন্ট। তৃতীয় মেয়াদে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারায় এবারে সবচেয়ে আলোচিত বিষয় ছিল সাবেক প্রেসিডেন্ট আলি আকবর হাশেমী রাফসানজানির প্রেসিডেন্ট পদে প্রার্থিতা। কিন্তু চূড়ান্ত তালিকায় তার নাম নেই। তার প্রার্থিতার বিরুদ্ধে ১১৫ জন সংসদ সদস্য আপত্তি জানিয়েছেন। তাই প্রেসিডেন্ট পদে পাল্লা কার দিকে বেশি ভারি তার জন্য অপেক্ষা করতে হবে আমাদের নির্বাচনের দিন পর্যন্ত। এছাড়া প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত এসফানদিয়ার রহিত মাশাইর নামও নেই এই তালিকায়। কাজেই এ নিয়ে ভবিষ্যদ্বাণী করাও অনেকটা দুষ্কর ব্যাপার। চূড়ান্ত আট প্রার্থী হলেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব সাঈদ জালিলি, সাবেক স্পিকার গোলাম আলী হাদ্দাদ আদেল, বিশেষজ্ঞ পরিষদের সচিব মোহসেন রেজায়ি, সাবেক ডেপুটি স্পিকার হাসান রুহানি, সাবেক ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরেফ, মোহাম্মাদ গারাযি, তেহরানের বর্তমান মেয়র মোহাম্মাদ বাকের কলিবফ এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. আলী আকবর বেলায়েতি। ১২ সদস্য বিশিষ্ট গার্ডিয়ান কাউন্সিল এই অনুমোদন দেয়। এর আগে ২০০৯ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ৪৭৫ জনের নাম নিবন্ধন হয়েছিল। কাউন্সিল তখন মাত্র চারজনকে লডাইয়ের অনুমতি দেয়। উল্লেখ্য, গত সপ্তাহে এই পরিষদ দেশটিতে নারীরা প্রেসিডেন্ট পদে লড়াই করতে পারবে না বলে মত দেয়। পরিষদের সদস্য ও ধর্মীয় নেতা মোহাম্মদ ইয়াজদি তখন বলেন, দেশের সংবিধানে প্রেসিডেন্ট নির্বাচনে নারীর অংশগ্রহণের কোন সুযোগ নেই। যদিও দেশটিতে বর্তমানে বেশ কয়েকজন নারী সংসদ সদস্য রয়েছেন। সাঈদ জালিলি: দেশটির বর্তমান সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব সাঈদ জালিলি ইরানের প্রধান পরমাণু আলোচকও। এই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তিনি। তাকে বলা হয়ে থাকে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির খুবই ঘনিষ্ঠজন। জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব নিযুক্ত হওয়ার পর থেকেই তার পরিচিতি বাড়তে থাকে। ২০০৭ সালে তিনি ইরানের পক্ষ থেকে পশ্চিমাদের সঙ্গে শীর্ষ আলোচক হন। ১৯৬৫ সালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের মাসাদ শহরে তার জন্ম। ১৯৮০ থেকে ১৯৮৮ সালে ইরাক-ইরান যুদ্ধের সময় তিনি আধা-সামরিক বাহিনী বাসিজ ফোর্সে যোগদান করেন। সে সময়ে তিনি যুদ্ধে আহত হন এবং ডান পা হারান। শিক্ষাগত জীবনে তিনি একজন পিএইচডি ডিগ্রিধারী। তার থিসিসের বিষয় ছিল ‘পলিটিক্যাল থট ইন দ্য কোরআন’। এ কারণে সুশীল সমাজে তার একটা বিশেষ ভাবমূর্তি তৈরি হয়। ইরানের সংবাদ সংশ্লিষ্ট বিভিন্ন ওয়েব সাইটে তাকে একজন বিশিষ্ট বুদ্বিজীবী হিসাবে গণ্য করে। এছাড়া তার রয়েছে স্বাভাবিক জীবনযাত্রা ও ইসলামি আদর্শের প্রতি যথেষ্ট অনুরক্ততা। অবশ্য সমালোচকরা বলছেন, দেশ চালানোর মতো যথেষ্ট প্রশাসনিক দক্ষতা তার নেই। বিশেষ করে ইরান যখন তার ‘পারমাণবিক কর্মসূচি’র জন্য পশ্চিমা বিশ্বের অবরোধের মধ্যে রয়েছে, এমন একটা সময়ে তিনি দেশের ভার গ্রহণ করলে পরিস্থিতি কতটা সামাল দিতে পারবেন তা নিয়ে অনেকের মাঝে সংশয় রয়েছে। মোহাম্মদ বাকের কালিবফ: তিনি তেহরানের বর্তমান মেয়র। একজন রক্ষণশীল হিসাবে তাকে দেখা হয়। সর্বোপরি সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতি রয়েছে তার আনুগত্য। ৫১ বছরের বয়সী কালিবফ ছিলেন সাবেক সামরিক ও পুলিশের কমান্ডার। পরে তিনি রাজনীতিতে আত্মপ্রকাশ ঘটান। এ নিয়ে চারবার তিনি প্রেসিডেন্ট পদে প্রদিদ্বন্দ্বিতা করছেন। প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের একজন সমালোচকও বটে। বিশেষ করে আহমাদিনেজাদের সময়ে অর্থনৈতিক অবস্থা এবং দেশ চালানো নিয়ে তার অব্যবস্থা নিয়েও তিনি অনেক সমালোচনা করেছেন। কালিবফ ইরানের এলিট রেভ্যুলুশনারি গার্ডের বিমান বাহিনী শাখার প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ইরাক-ইরান যুদ্ধকালে তিনি সামনের কাতারের একজন সাহসী যোদ্ধা ছিলেন। এরপর তিনি পুলিশের প্রধান নিযুক্ত হন। ২০০৩ সালে তার ব্যক্তিগত নৈপুণ্যের কারণে তিনি ছাত্র বিক্ষোভ শান্তিপূর্ণভাবে থামাতে করতে পারেন। তিনিই প্রথম পুলিশ বাহিনীতে সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন এবং তার নেতৃত্বে নারীরা প্রথম এই বাহিনীতে কাজ করার সুযোগ পান। আলী আকবর বেলায়েতি:রাজনীতিতে রয়েছে তার যথেষ্ট অভিজ্ঞতা। খুব কম সংখ্যক প্রার্থীই আছেন যার সঙ্গে তার রাজনৈতিক ক্যারিয়ারের তুলনা করা যেতে পারে। ১৯৮০-৮১ সালে তিনি ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। এরপর ১৯৮১-৯৭ সাল পর্যন্ত দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময় তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদ অলঙ্কৃত করেন। এই সময়ে আয়াতুল্লাহ আলী খামেনি এবং পরে আলী আকবর হাশেমী রাফসানজানি দেশটির প্রেসিডেন্ট ছিলেন। ১৯৪৫ সালের ২৫ জুন তেহরানের উত্তরে শেমিরান শহরে তিনি জন্মগ্রহণ করেন। পেশায় তিনি একজন ডাক্তার। তেহরান বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৯৭১ সালে ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করেন। এরচেয়েও বড় পরিচয় ১৯৯৭ সালে তিনি আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা হন। বর্তমানে আলী আকবর বেলায়েতি ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব ইসলামিক অ্যাওয়াকেনিং-এর মহাসচিব। হাসান রুহানি:তিনি ইরানের রাজনীতিতে একজন ব্যাপক পরিচিত মুখ। সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে তিনি আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধি ছিলেন। তিনি ডেপুটি স্পিকারও ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে পারমাণবিক আলোচনায় প্রধান আলোচক ছিলেন। বর্তমানে তিনি এক্সপেডিয়েন্সি কাউন্সিলের স্ট্রাটেজিক রিসার্চ সেন্টারের প্রধান। ৬৪ বছর বয়স্ক হাসান রুহানি একজন রক্ষণশীল মধ্যপন্থী হিসাবে পরিচিত। তিনি প্রেসিডেন্ট আহমাদিনেজাদের একজন কট্টর সমালোচক। তিনি প্রায়ই বলেন, আহমাদিনেজাদের দায়িত্বহীন কর্মকাণ্ডের জন্য দেশকে চরম মূল্য দিতে হবে। গোলাম আলি হাদ্দাদ আদেল:তিনি ইরানের সাবেক স্পিকার। তাকে একজন রক্ষণশীল বলেও গণ্য করা হয় এবং সম্পূর্ণভাবে তিনি সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতি আনুগত্যশীল। এছাড়া খামেনির পরিবারের সঙ্গে তার রয়েছে আত্মীয়তার বন্ধন। তার মেয়ে আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র মোজতবার স্ত্রী। এভাবে খামেনি পরিবারের সঙ্গে তাদের গড়ে উঠেছে সুসম্পর্ক। নির্বাচনের ক্ষেত্রে তার এ দিকটা বড় ধরনের সমর্থন বলে গণ্য করা হলেও বাগ্মিতায় তিনি পটু নন। মোহাম্মাদ রেজা আরেফ:তিনি একজন সংস্কারবাদী রাজনীতিক। এছাড়া তিনি সর্বোচ্চ ধর্মীয় নেতার শীর্ষ উপদেষ্টা। বিপ্লবোত্তর ইরানে তিনি বহু গুরুত্বপূর্ণ পদে ছিলেন। বিজ্ঞান গবেষণায় তিনি বেশ নাম করেছেন। স্টানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশুনা করেন। বর্তমানে তিনি তেহরানের নামকরা শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষক। সংস্কারবাদী হলেও তিনি কখনো কোন কট্টরপন্থীদের টার্গেটে পরিণত হননি। রাজনীতির ক্ষেত্রে ক্ষমতায় আসার জন্য তার তেমন মোহ নেই। এর আগে দু’বার দাঁড়িয়েও পরে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। তিনি বলেন, ২০১৩ সালের নির্বাচনে যদি সংস্কারবাদী নেতা সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি আসেন তাহলে তিনি সরে দাঁড়াবেন। ২০০১ থেকে ২০০৫ সালে তিনি প্রেসিডেন্ট খাতামির সময়ে ভাইস-প্রেসিডেন্ট ছিলেন। মোহসেন রেজায়ি:তিনি বর্তমানে প্রভাবশালী বিশেষজ্ঞ পরিষদের সচিব। এই পরিষদের প্রধান হচ্ছেন আলী আকবর হাশেমী রাফসানজানি। রাফসানজানির সঙ্গে রয়েছে তার ভালো সম্পর্ক। তিনি সেনাবাহিনীর একজন মেজর জেনারেল। ১৫ বছরেরও বেশি সময় তিনি ইসলামিক গার্ড রেভ্যুলুশন কোরের কমান্ডার ছিলেন। ১৯৯৪ সালে তিনি আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে বোমা হামলার ঘটনায় একজন অভিযুক্ত। এ ঘটনায় ৮৫ জন লোক মারা যায়। এ কারণে তিনি ইন্টারপোলের একজন দাগী আসামি। ২০০৫ তিনি প্রেসিডেন্ট পদের জন্য দাঁড়ালেও পরে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ২০০৯ সালের নির্বাচনে তিনি তৃতীয় স্থান অধিকার করেন। তিনি আয়াতুল্লাহ আলী খামেনির একজন ঘনিষ্ঠ সহচর বলেও পরিচিতি। মোহাম্মাদ গারাযি:শাহ’র শাসন আমলে তিনি কারাবন্দী ছিলেন। রাজনৈতিক অঙ্গনে তার তেমন কোন নামডাক নেই। এই প্রথমবার তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে তাকে ‘লো প্রোফাইল’ প্রার্থী বলে গণ্য করা হয়। গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থীতা ঘোষণা করলে মিডিয়া অনেকটা আশ্চর্যজনকভাবেই তার সম্পর্কে প্রচার করে। তার বক্তব্য, ‘আমার কোন রাজনৈতিক পরিচয় নেই, নেই অর্থশক্তি । কাজেই সবকিছু জনগণের ইচ্ছার উপর ছেড়ে দিলাম।’