শান্ত এবং সাম্যের দেশ সুইডেন হঠাত্ করেই অশান্ত হয়ে উঠেছে। গাড়ি ভাংচুর থেকে শুরু করে দোকান জ্বালিয়ে দেয়ার ঘটনা ঘটছে। দেশটির যে এলাকায় এসব সহিংস আচরণের ঘটনা ঘটছে সেখানে অভিবাসী নাগরিকের সংখ্যাই বেশি। মূলত অভিবাসীদের বেকারত্ব বেড়ে যাওয়ায় সমাজে বৈষম্য বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর এ কারণেই ছোট একটি ঘটনা বড় আকারে পরিণত হয়েছে। বর্তমান সরকার চলমান পরিস্থিতি সঠিকভাবে সামাল দিতে না পারলে আরো বড় আকার ধারণ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলে নিরপেক্ষ এবং সহনশীল জাতি হিসেবে পরিচিত উন্নত দেশ সুইডেনের সুনাম হানি হতে পারে। স্কান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ সুইডেনের জনসংখ্যার শতকরা ১৫ ভাগই অভিবাসী নাগরিক। এরা এসেছে যুদ্ধবিধ্বস্ত এবং দরিদ্রপীড়িত ইরাক, সোমালিয়া, সাবেক যুগোস্লোভিয়াভুক্ত দেশ, আফগানিস্তান এবং সিরিয়া থেকে। ২০১২ সালে সুইডেন সরকার বিভিন্ন দেশের ৪৪ হাজার আশ্রয়প্রার্থীর আবেদন গ্রহণ করেছে। শুক্রবার থেকে রাজধানী স্টকহোমের বাইরে ছড়িয়ে পড়ছে সহিংসতা। আন্তর্জাতিক অর্থনৈতিক জোট অরগানাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) হিসাবে ইউরোপের উন্নত দেশগুলোর মধ্যে সুইডেনে ধনী ও গরিবের পার্থক্য দ্রুত বাড়ছে। পর্যবেক্ষকেরা এই দাঙ্গার জন্য উন্নত দেশটির সংখ্যাগরিষ্ঠ ধনী ও দরিদ্র, বিশেষ করে অভিবাসীদের মধ্যে চরম বৈষম্যেকে দায়ী করছেন। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা তরুণ অভিবাসীদের বেকারত্ব, শিক্ষার অভাবসহ বিভিন্ন কারণে তাদের মধ্যে বঞ্চনার বোধ জন্ম নিয়েছে। এই বোধ এ দাঙ্গার জন্য অনেকাংশে দায়ী।
দাঙ্গা চলতে থাকা এলাকায় ভ্রমণের ব্যাপারে নিজ নিজ দেশের নাগরিকদের ইতোমধ্যেই সতর্ক করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। দেশটিতে কিছুদিন পরই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সামনে রয়েছে সুইডেনের সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী প্রিন্সেস মেডেলইনের বিয়ের অনুষ্ঠান। এ উপলক্ষে সহিংসপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। দাঙ্গার কেন্দ্রস্থল রাজধানীর উপকণ্ঠে হাসবি এলাকা। চলতি মাসের শুরুর দিকে পর্তুগীজ বংশোদ্ভূত ৬৯ বছরের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে পুলিশ। এ ঘটনার জের ধরে দাঙ্গার সূত্রপাত হয়। ক্ষুব্ধ যুবকরা মুখোশ পরে গাড়ি, স্কুল, পাঠাগার, দোকানপাট এবং থানায় আগুন ধরিয়ে দিচ্ছে। এই এলাকায় বসবাসরত নাগরিকদের ১২ হাজার নাগরিকের মধ্যে শতকরা ৮০ ভাগ অভিবাসী নাগরিক। আর এদের মধ্যে বেশিরভাগই তুরস্ক।
কুর্দি বংশোদ্ভূত সুইডিশ নাগরিক লেখিকা নিমা সানানদাজি মনে করেন, উচ্চহারে কর নির্ধারণ এবং শ্রমবাজার কঠোরভাবে নিয়ন্ত্রণের ফলে অভিবাসী যুবকদের জন্য এই বাজারে প্রবেশ করা কঠিন হয়ে পড়ছে। তারা এখন একটি কঠিন সময় পার করছে। সমস্যা রয়েছে বিদ্যালয়ের শিক্ষা পদ্ধতিতেও। অনেক শিক্ষার্থী আছে যারা পরীক্ষায় ফেল করে যাদের বেশির ভাগের পরিবার উচ্চ শিক্ষিত নয়। দরিদ্র এবং পরীক্ষায় ফেল করা এসব যুবক বেকারত্বের সমস্যার কারণে অন্য কোনো উপায় না পেয়ে সহিংস হয়ে উঠছেন। নিমা সানানদাজির মতে, বিংশ শতাব্দীর মাঝামাঝি সুইডেনে চরম বর্ণবাদ বিরাজ করছিল। সুইডেনের নাগরিকরা বিদেশ থেকে আসা কোনো নাগরিকের সঙ্গে একসঙ্গেও বসতো না। অর্থনৈতিকভাবে উন্নতি লাভ এবং মানুষের মধ্যে সহনশীলতা বৃদ্ধি পাওয়ায় সেই পরিস্থিতির দ্রুত পরিবর্তন হয়। তখন কর হার ছিল কম এবং চাকরির সুযোগ ছিল অনেক বেশি। কিন্তু এখন করের হার বৃদ্ধ পেয়েছে। বেকারত্ব বেড়েছে। তবে বর্ণবাদ এখনো রয়েছে। তবে সেটি সামাজিক বর্ণবাদ। পুলিশ, সরকারি চাকরি এবং স্বাস্থ্য সেবার ক্ষেত্রে এটি দেখতে পাওয়া যায়। দাঙ্গা বন্ধ না হওয়ার পেছনে দেশটির সচেতন মহল দায়ী করছেন, পুলিশের দুর্বল ভূমিকাকে। পুলিশ তাদের শাস্তি না দিয়ে পুরস্কৃত করছে বলে মনে করেন তারা। এছাড়া দেশটির প্রধানমন্ত্রী ফ্রেডারিক রিনফেল্ডের সহিংস এলাকা সফর না করাও সহিংসতা না থামার অন্যমত কারণ। অভিযোগ আছে, বিরোধী বামপন্থি কিছু ব্যক্তি এসব ঘটনা বৃদ্ধিতে উস্কানি দিচ্ছেন। এ ঘটনায় দেশটির গণমাধ্যমেও রাজনৈতিক বিভক্তি শুরু হয়েছে। এ পর্যন্ত পুলিশ ৩০ জনকে গ্রেফতার করেছে।
সহিংসতায় সুইডেনের অর্থনীতি এবং কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়তে পারে। স্টকহোম কর্মসংস্থানের জন্য ভালো একটি স্থান। এর কাছেই সহিংসপূর্ণ এলাকা হাসবি। হাসবির কাছেই কিস্তা নামের এলাকা যেখানে অভিবাসীর সংখ্যা অনেক। এই এলাকায় অনেক বড় বড় শপিং মল রয়েছে। এখানে বিনিয়োগের পরিমাণও বেশি। সহিংসতার ফলে এসব এলাকায় ব্যবসার ক্ষতি হবে। তাছাড়া সহিংসতায় চাকরির সুযোগ কমবে ছাড়া বাড়বে না। আবার অনেকের মতে, এই পরিস্থিতি দেশটির জনগণকে রাজনৈতিকভাবে সচেতন হতে সাহায্য করবে। সমস্যা সমাধানে বেকারত্বকেই প্রাধান্য দেয়া হচ্ছে। ক্ষমতাশীন দল মডারেট পার্টির স্টকহোম শাখার চেয়ারম্যান বো সুনদিন জানিয়েছেন, ৯শ’ বেকার যুবকদের চাকরির সংস্থান করার প্রক্রিয়া চলছে। ২০ জন বেকার যুবককে যাদের বয়স ১৪ থেকে ১৮ বছর তাদের ইন্টারনশিপের ব্যবস্থা করা হচ্ছে। শতকরা ৭০ ভাগের জন্য চাকরির ব্যবস্থা করা হচ্ছে। এই গ্রীষ্মের মধ্যে ৪০ ভাগ যুবকের কর্মসংস্থান হবে। পর্যবেক্ষকরা মনে করছেন, সমস্যা সমাধানে সরকারকে উদ্যোগ নিতে হবে। সুইডেনবাসীকে বোঝাতে হবে যে অভিবাসীরা তাদের জন্য কতটা প্রয়োজন। অনেক চাকরি আছে যেগুলো অভিবাসীরা করতে পারে। তাদের জন্য এই চাকরির সুযোগ সৃষ্টি করতে হবে। এই বিক্ষোভের বিরুদ্ধে সরকারকে যৌক্তিক পদক্ষেপ নিতে হবে।
