ইউরোপীয় ইউনিয়ন প্রশ্নে দ্বিধাবিভক্ত ব্রিটেন

আপডেট : ২৬ মে ২০১৩, ২১:১৫
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিয়ে উভয় সংকটে পড়েছে ব্রিটেন। একদিকে অবাধ বাণিজ্য সুবিধা আর ইইউ’র নীতি প্রণয়নে ব্রিটেনের প্রভাব খাটানো, অন্যদিকে ইউরো জোনের দেশগুলোর একের পর এক অর্থনৈতিক বিপর্যয়ের প্রভাব এবং ব্রিটেনে অভিবাসীদের প্রচণ্ড চাপ। ইউরোপীয় ইউনিয়নভুক্ত মোট ২৭টি দেশের মধ্যে ২৬টি দেশ রাষ্ট্রীয় মুদ্রা হিসেবে ইউরো ব্যবহার করে। একমাত্র ব্রিটেন এই ইউরো মুদ্রা গ্রহণ করেনি। যার ফলে তারা ইইউ’র সদস্য হলেও ইইউরো জোনের অন্তর্ভুক্ত নয়। কিন্তু ইইউ’র বাজেট প্রণয়ন থেকে শুরু করে অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রতিরক্ষা সংক্রান্ত যে কোনো নীতি প্রণয়ন কিংবা সিন্ধান্ত গ্রহণে ব্রিটেন সমান গুরুত্ব নিয়ে অংশগ্রহণ করে। মানবাধিকার, জনস্বাস্থ্য, বাণিজ্য, কৃষি উত্পাদন, জলবায়ু এমনকি মত্স সংরক্ষণ নীতিমালাসহ ইইউ পর্লামেন্টের যে কোনো সিদ্ধান্ত ব্রিটেনেও সমানভাবে কার্যকর হয়। ইইউ’র সদস্য দেশগুলো থেকে পণ্য আমদানি-রপ্তানিতে ব্রিটেনকে কোনো শুল্ক প্রদান কিংবা কোটার বাধা পোহাতে হয় না। প্রতি বছর ইউরো জোনে ব্রিটেন অন্তত ১৫৯ বিলিয়ন পাউন্ড মূল্যের পণ্য রপ্তানি করে থাকে। এছাড়া আন্তর্জাতিক রাজনীতি যেমন- ইরান, সিরিয়া কিংবা উত্তর কোরিয়ার ক্ষেত্রে ইইউ’র অবস্থান কী হবে এসব বিষয়ে ব্রিটেনের প্রভাব স্পষ্ট। এসবের বিপরীতে ব্রিটেনের একমাত্র আপত্তির জায়গা ইইউ’র সীমানা উন্মুক্তকরণ নীতি। ইইউভু্ক্ত দেশের নাগরিকরা অবাধে এর সদস্যগুলোতে প্রবেশ এবং বসবাস করতে পারে। তুলনামূলক শক্তিশালি মুদ্রা, উদার রাষ্ট্রীয় কল্যাণ ব্যবস্থা এবং স্থিতিশিল অর্থনৈতিক অবস্থার কারণে গত এক দশক ধরে প্রতি বছর লাখ লাখ ইইউ নাগরিক ব্রিটেনে পাড়ি জমাচ্ছে। এই অভিবাসী আধিক্যের বিয়য়টিকে কাজে লাগিয়ে ২০১০ সালে অভিবাসন বিষয়ে কঠোর নীতির অনুসারী দল কনজারভেটিভ পার্টি ক্ষমতায় আসে। গত তিন বছরে অভিবাসন নিয়ন্ত্রণে সরকার নজীরবিহীন সব পদক্ষেপ গ্রহণ করার কারণে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে আসা অভিবাসীর সংখ্যা ব্যাপকভাবে হ্রাস হলেও ইউরোপীয় ইউনিয়ন থেকে আসা অভিবাসীদের আগমন ঠেকানো সম্ভব হয়নি। উপরন্তু ইউরো জোনের দেশগুলোতে একের পর এক অর্থনৈতিক বিপর্যয়ের কারণে এসব দেশ থেকে ব্রিটেনে অভিবাসীদের আগমন আরো বেড়েছে। এ অবস্থায় কনজারভেটিব দল তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে বলে মনে করছেন এই দলের সমর্থকরা। গত ৪ মার্চ ইংল্যান্ডের ২৭টি কাউন্সিলের স্থানীয় সরকার নির্বাচনে এই বিষয়টি আরো স্পষ্ট হয়ে আবির্ভূত হয়েছে। এই নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ দল ১০টি কাউন্সিলের নিয়ন্ত্রণসহ ৩৩৫ কাউন্সিলর হারিয়ে ভরাডুবির শিকার হয়েছে। ব্রিটেনের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে অভিবাসন বিষয়ে চরম কট্টরপন্থী দল ইউনাইটেড কিংডম ইন্ডিপেনডেন্ট পার্টি (ইউকিপ)। সংসদে কিংবা কাউন্সিলে এতকাল কোনো প্রতিনিধিত্ব না থাকা এই দলের ১৪৭ জন প্রার্থী কাউন্সিলর নির্বাচিত হয়েছে। ক্ষমতাসীন দলের জন্য আরো হতাশাজনক খবর হচ্ছে ইউকিপ এই নির্বাচনে ভোট পেয়েছে ২৩ শতাংশ যা কনজারভেটিভ দলের প্রাপ্ত ভোট থেকে মাত্র ২ শতাংশ কম। ইউকিপ চরম ইইউ বিরোধী দল এবং এই মুহূর্তে ইইউ ত্যাগ করার পক্ষে। বর্তমানে বিরোধী দলে থাকা লেবার পার্টি মনে করে ইইউ ত্যাগ করলে ব্রিটেন একঘরে হয়ে যাবে। সে ক্ষেত্রে ব্রিটেনের বাণিজ্য এবং বিনিয়োগই শুধু ক্ষতিগ্রস্ত হবে না- অন্তর্জাতিক রাজনীতিতে ব্রিটেন হয়ে পড়বে গৌণ। একই বাস্তবতার কারণে অভিবাসনের ঘোর বিরোধী হওয়া সত্ত্বেও ক্ষমতাসীন কনজারভেটিভ দল ইইউ থেকে বেরিয়ে আসতে পারছে না। তবে কনজারভেটিব দলের বেশকিছু এমপিসহ ব্রিটিশ নাগরিকদের বড় একটি অংশ যারা মূলত কনজারভেটিব দলের সমর্থক তারা চায় ব্রিটেন যে কোনো মূল্যে ইইউ ত্যাগ করুক। তারা এ সিদ্ধান্তে রাজনীতি এবং অর্থনীতির নানা হিসাব করতে নারাজ। তারা এ প্রশ্নে সরাকরকে গণভোট আয়োজনের দাবিও জানিয়ে আসছেন। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সম্প্রতি ঘোষণা দিয়েছেন, ২০১৫ সালে পুনর্নির্বাচিত হলে তিনি ইইউতে ব্রিটেনের থাকা না থাকা নিয়ে গণভোটের আয়োজন করবেন। তার এই ঘোষণাকে নিছক নির্বাচনে জিতার কৌশল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।