চৌদ্দগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত ফসলের ব্যাপক ক্ষতি

আপডেট : ২৬ মে ২০১৩, ২১:১৯
গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চৌদ্দগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়েছে শত শত পরিবার। ফসলি জমি ডুবে ব্যাপক ক্ষতি হয়েছে। জানা গেছে, উপজেলার বান্দেরজলা, পরিকোট, দশবাহা, সুরিকরা, হাটবাইর, সাঙ্গিশ্বর, শাকতলা, বড়পাথর, চাঁদের বাগ, ছাতিয়ানী, খিরণশাল, মিতল্লা, আজগর ও গোবিন্দপুর গ্রামের বাড়িঘর, ফসলি জমি, বিজতলা ও মৌসুমী শাক-সবজি ক্ষেত বানের পানির নিচে তলিয়ে গেছে। মানবেতর জীবন-যাপন করছে ক্ষতিগ্রস্ত লোকজন। পুরাতন ডাকাতিয়া ও কাঁকড়ি নদীর বিভিন্নস্থানে বাঁধ থাকায় দ্রুত পানি নিষ্কাশন হতে না পারায় জলাবদ্ধতা স্থায়ী রূপ ধারণ করেছে। অতি বর্ষণ ও স্থায়ী জলাবদ্ধতার কারণে উপজেলার বিভিন্ন এলাকায় বোরো ধান নিয়ে বিপাকে পড়েছে কৃষক। এতে খেটে খাওয়া দিনমজুরও মানবেতর জীবন-যাপন করছে।