‘আল্লাহ্ আমার দিকে তাকিয়েছেন বলেই আজ আমার এই সফলতা। বউ, বাচ্চা বাড়ির সকলে বার বার পরীক্ষা দিতে বারণ করেছিল। শুধু তাই নয় এলাকার অনেকে আমাকে নিয়ে উপহাস, ঠাট্টা করেছে। আমার প্রতিজ্ঞা করেছিলাম দাখিল অথবা এসএসসি পাস আমাকে করতেই হবে। এতে যতবার পরীক্ষায় অংশগ্রহণ করা লাগবো আমি করবো। আজ আমি সার্থক হয়েছি। আমাকে আর কেউ মূর্খ বলতে পারবে না।’ কথাগুলো বলছিলেন ২৫ বার পরীক্ষায় অংশগ্রহণ করে দাখিল পাস করা হাবিবুর রহমান। হাবিবুর রহমান উলিপুর উপজেলার পশ্চীম বজরা দাখিল মাদ্রাসা থেকে এ বছর ২.৯৪ পয়েন্ট পেয়ে দাখিল পাস করেছে। গতবছরও এ মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিল কিন্তু পাস করতে পারেনি। হাবিবুর রহমান ১৯৮৯ সালে থানাহাট এইউ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে জীবনের প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। সেই থেকে যাত্রা শুরু তার। কিন্তু বার বার পরীক্ষায় ফেল করে হাবিবুর। এজন্য একাধিক স্কুল মাদ্রাসা পরিবর্তন করে দাখিল ও এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে থাকে। এরই মধ্যে সে বিয়ে করে। ঘরে জন্ম নেয় সন্তান। কিন্তু হাবিবুরের জেদ সে পরীক্ষায় পাস না করে ছাড়বে না। অবশেষে ৪২ বছর বয়সে তার ভাগ্যে পাস জোটে এবছর।
হাবিবুরের বাড়ি চিলমারী উপজেলার ঠগের হাট গোয়ালবাড়ী গ্রামে। তার পিতার নাম তোফাউল্লাহ। হাবিবুরের ঘরে ৩ ছেলে-মেয়ে। তার পাশের খবর নিয়ে এলাকায় আলোচনার ঝড়। হাবিবুর রহমান বলেন, আমার আরো লেখাপড়া করার ইচ্ছা। আমি এখন কলেজে ভর্তি হবো।’
