নীলফামারীতে ভূমি অফিস ঘেরাও

আপডেট : ২৬ মে ২০১৩, ২১:২৪
সদর উপজেলার রামনগর হাটে দোকান ঘর নির্মাণ নিয়ে বিরোধে উত্তেজিত কয়েক-শত মানুষ ইউনিয়ন ভূমি অফিস ঘেরাও করে তহসলিদারকে অপসারণের দাবি জানায়। প্রায় ২ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ক্ষমা চেয়ে রক্ষা পান তহসিলদার। জানা গেছে, রামনগর হাটের সার ও কীটনাশক ব্যবসায়ী আবু সোয়েম ও মিন্টু দোকান ঘরের মেঝে পাকা করার কাজ শুরু করলে তহসিলদার এনামুল হক ৫হাজার টাকা দাবি করেন। এ নিয়ে শনিবার সন্ধ্যায় উভয়ের মধ্যে বচসার এক পর্যায়ে হাট ইজারাদার হাফিজুল ইসলাম ও তহসিলদার যোগসাজশে দোকান ঘর ভেঙ্গে দেন। এ নিয়ে চরম উত্তেজনা দেখা দেয় গোটা এলাকায়। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল রবিবার সকালে ক্ষিপ্ত মানুষ ইউনিয়ন ভূমি অফিস ঘেরাও করে। তহসিলদার জানান, আমি কোন টাকা চাইনি। লীজ না নিয়েই দোকান ঘর নির্মাণ কাজে বাধা দেয়ায় এ ঘটনার সৃষ্টি হয়।