লালমনিরহাটে জনবল সংকটে ১১টি ট্রেন ও ১৪টি স্টেশন বন্ধ

আপডেট : ২৬ মে ২০১৩, ২১:২৫
রেলওয়ের লালমনিরহাট দপ্তরে যন্ত্র প্রকৌশল বিভাগ ও ট্রাফিক বিভাগে রানিং স্টাফ সংকটের দরুন ১১টি ট্রেন বাতিল ও ১৪টি রেল স্টেশন সম্পূর্ণরূপে ও ১৪টি আংশিক বন্ধ করে দেয়া হয়েছে। এতে যাত্রী সাধারণের দুর্ভোগ বৃদ্ধি ও আয় কমে যাচ্ছে। লালমনিরহাট রেলওয়ে দপ্তরের সূত্র জানায়, যন্ত্র প্রকৌশল বিভাগের লোক দপ্তর ও লোকো শেডে মঞ্জুরীকৃত পদের সংখ্যা ৪৩৫টি বর্তমানে কর্মরত ২১৮ জন। পদ শূন্য ২১৭টি। রেলওয়ের বিভিন্ন ক্যাটাগরির ড্রাইভারের মঞ্জুরীকৃত পদের সংখ্যা ২৫৪টি, বর্তমানে কর্মরত ১২৭ জন। পদ শূন্য ১২৭টি। ট্রাফিক দপ্তরে মঞ্জুরীকৃত পদের সংখ্যা ৪২৩টি, বর্তমানে কর্মরত ২৩৫ জন, শূন্য পদ ১৮৯টি। ট্রাফিক বিভাগে মঞ্জুরীকৃত পদের সংখ্যা ৪২৩টি। বর্তমানে কর্মরত ২৩৫ জন। শূন্যপদ ১৮৯টি। স্টেশন মাস্টার গ্রেড-৩ মঞ্জুরীকৃত পদের সংখ্যা ১৫৬টি, কর্মরত ৭৫ জন, শূন্যপদ ৭৯টি। সহকারী স্টেশন মাস্টারের মঞ্জুরীকৃত পদ সংখ্যা ১৬টি, কর্মরত মাত্র ১ জন। শূন্যপদ ১৫টি। রেলওয়ে গার্ড গ্রেড-২ মঞ্জুরীকৃত পদের সংখ্যা ৬১টি, বর্তমানে কর্মরত ২৯ জন, শূন্যপদ ৩২টি। তাছাড়া টিএনএল পদে ৪ জন, টিএনসি গ্রেড-২ পদে ৬ জনসহ অন্যান্য পদে বিপুল সংখ্যক রেল কর্মচারীর পদ শূন্য রয়েছে। লালমনিরহাট রেলওয়ে বিভাগে ৩০ জোড়া আন্তঃনগর, সাধারণ যাত্রীবাহী ও মিক্সড ট্রেন চলাচল করে। ইতোমধ্যে লোকবল, ইঞ্জিন ও কোচ সংকট দেখা দেয়ায় ১১ জোড়া ট্রেন বাতিল করে দেয়া হয়েছে। এই বিভাগে স্টেশনের সংখ্যা ৮১টি, বর্তমানে ১৪টি স্টেশন সম্পূর্ণরূপে এবং ১৪টি স্টেশন ১২ ঘন্টা বন্ধ রাখা হয়েছে। বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আব্দুল হাই ট্রেন বাতিল ও স্টেশন বন্ধের কথা স্বীকার করে বলেন, আন্তঃনগর কোচ ও অন্যান্য সংকট সত্ত্বেও যাত্রীসাধারণ যাতায়াতের সুবিধার্থে কয়েকটি নতুন ট্রেন চালু করা হয়েছে।